শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের ষষ্ঠ দিন প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত

আজ সমাপনী অনুষ্ঠানে থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
  • আপলোড তারিখঃ ৩০-১০-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের ষষ্ঠ দিন প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, প্রেম, বিদ্রোহ ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চুয়াডাঙ্গায় চলছে সাত দিনব্যাপী নজরুল উৎসব। উৎসবের ষষ্ঠ দিনেও সংগীত, কবিতা আবৃত্তি, একক অভিনয়, নৃত্য ও নাট্য পরিবেশনায় মুখর হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চ। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় উৎসবস্থল পরিণত হয় প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়।


‘জাগো নব সৃষ্টির মহানন্দে’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ধারাবাহিকভাবে চলে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, গল্প, একক অভিনয়, সংগীত ও নৃত্যানুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয় ষষ্ঠ দিনের আয়োজন। সন্ধ্যা ৭টায় দর্শনার সাংস্কৃতিক সংগঠন অনির্বাণের শিল্পীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন। রাত ৮টায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চুয়াডাঙ্গা জেলা সংসদের আয়োজনে মঞ্চস্থ হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘মানুষ’ কবিতা অবলম্বনে নাটক ‘মানুষ’। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন আদিল হোসেন।


নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিল্লাল হোসেন, বদরুজ্জামান তুষার, আব্দুস সাত্তার, শেখ ফরিদ, জিল্লু বিশ্বাস, তুলি, মর্জিনা খাতুন, রেখা খাতুন, লোটন, মাসুদ আরিফ মানু, হেলাল উদ্দিন ও সেলিম মল্লিক। নাটকটির আলোকক্ষেপণ, রূপসজ্জা, আবহসংগীত ও মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীরা।


ষষ্ঠ দিনের সাংস্কৃতিক আয়োজনে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শিল্পী ও আবৃত্তিশিল্পীদের পাশাপাশি অংশ নেন দর্শনার অনির্বাণের শিল্পীরা। তাঁদের পরিবেশনায় নজরুলের কবিতা, সংগীত ও আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হিরন উর রশীদ শান্ত, সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. আলাউদ্দীন, উদীচী জেলা সংসদের সভাপতি হাবীবী জহির রায়হান ও সাধারণ সম্পাদক আদিল হোসেন এবং অনির্বাণের সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন মানুষের মধ্যে সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করে। নতুন প্রজন্মের কাছে নজরুলের সৃষ্টিকর্ম ও জীবনদর্শন পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তিনি জানান, আগামীকাল (আজ) শনিবার উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ উপলক্ষে জেলার সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের আরও ভালো প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে চুয়াডাঙ্গার সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্পীদের সক্ষমতা তুলে ধরতে সমাপনী দিনে সেরা পরিবেশনা উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।


শরীফুজ্জামান শরীফ আরও জানান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর সঙ্গে জেলার সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা তাঁদের সমস্যা, সম্ভাবনা, মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরার সুযোগ পাবেন।


এদিকে, আজ শনিবার বিকেল ৪টায় উৎসবের সমাপনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সমাপনী দিনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের আয়োজনে মঞ্চস্থ হবে নাটক ‘নীলকুঠি’। অনুষ্ঠানে মোট ৭৯টি পুরস্কার প্রদান করা হবে।


সাত দিনব্যাপী এ উৎসবের মধ্যদিয়ে চুয়াডাঙ্গার সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নজরুলের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী দর্শনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের সম্মিলিত অংশগ্রহণ উৎসবকে দিয়েছে ভিন্নমাত্রা। সমাপনী দিনের আয়োজন ঘিরেও সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের ষষ্ঠ দিন প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত