দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির ৪৩-৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মাগরিবের নামাজের পর সমিতির নিজস্ব কার্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব, আগামী অর্থবছরের বাজেট এবং সমিতির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সমিতির ১৩টি বোরিংয়ের আওতায় থাকা ৬৩৮ জন সদস্যকে নিয়ে আয়োজিত এ সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনসহ সমিতির সার্বিক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়া হয়। সমিতির সভাপতি ইদ্রিস আলী ঈদুর সভাপতিত্বে সভায় সার্বিক সহযোগিতা করেন সমিতির সহসভাপতি সাজেদুর রহমান পিণ্টু। সার্বিক ব্যবস্থাপনা ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সমিতির ম্যানেজার আব্দুল হাকিম।
সভায় বক্তব্য দেন সমিতির ম্যানেজার আব্দুল হাকিম ও হিসাবরক্ষক শাহারী হেলাল ঝলক। ম্যানেজার আব্দুল হাকিম বলেন, ‘আমরা সমিতির দায়িত্ব নেওয়ার পর সমিতিকে ঋণমুক্ত ও সুদমুক্ত করেছি। সমিতির উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি এবং ইতোমধ্যে দুটি নতুন বোরিং স্থাপন করেছি।’
সভাপতি ইদ্রিস আলী ঈদু বলেন, বার্ষিক সাধারণ সভার মাধ্যমে সদস্যদের সামনে সমিতির আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়েছে। পাশাপাশি সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়েছে। সদস্যদের মতামতের ভিত্তিতে সমিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এসময় আরও বক্তব্য দেন কুড়ুলগাছি মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সমিতির সাবেক সভাপতি ও কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরফরাজ উদ্দিন, বিএনপি নেতা আবু হানিফ, শিক্ষক জাহিদ হাসান ও সমিতির সদস্য আব্দুল মান্নান। সভায় সহকারী হিসাবরক্ষক মো. অনিক, ১৩টি বোরিংয়ের পরিচালক, ড্রাইভার, ফিল্ডম্যান, সমিতির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক কুড়ুলগাছি