বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের তৃতীয় দিনের জমকালো আয়োজনে মুগ্ধ দর্শক

আজ আবৃত্তির পাশাপশি মঞ্চস্থ হবে ‘ঈদুল ফেতর’ নাটক
  • আপলোড তারিখঃ ২৮-১০-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের তৃতীয় দিনের জমকালো আয়োজনে মুগ্ধ দর্শক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, বিদ্রোহ ও সৃষ্টিশীলতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চুয়াডাঙ্গায় সাত দিনব্যাপী নজরুল উৎসবের তৃতীয় দিনেও ছিল জমকালো সাংস্কৃতিক আয়োজন। সংগীত, আবৃত্তি ও নাট্য পরিবেশনায় মুখর হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চ। কবির কালজয়ী সৃষ্টি ও জীবনদর্শনের পরিবেশনায় মুগ্ধ হন দর্শক-শ্রোতারা। উৎসবের চতুর্থ দিনে আজ বুধবার মঞ্চস্থ হবে কাজী নজরুল ইসলামের রচিত নাটক ‘ঈদুল ফেতর’।
‘জাগো নব সৃষ্টির মহানন্দে’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে উৎসবের তৃতীয় দিনের আয়োজন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ছয়টায় দামুড়হুদা উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব শুরু হয়। এতে দলীয় সংগীত ‘কারার ঐ লৌহ কপাট’ পরিবেশনার মধ্যদিয়ে কবির দ্রোহ ও মুক্তির চেতনা তুলে ধরা হয়।


এছাড়া আক্কাস আলী ‘জাগো সখী হামদরদি’, ফরহাদ হোসেন ‘যদি আর বাঁশি না বাজে’ কবিতার আবৃত্তি, লাভলী ‘আমায় নহে গো, ভালোবাসো ভালোবাসো মোর গান’, আরিফ মাহমুদ ‘আজো মধুর বাঁশরি বাজে’, মামুন ‘মেঘ ও বিহীন খর বৈশাখে’ এবং বেবি ‘এখনো ওঠেনি চাঁদ, এখনো ফোটেনি তারা’ পরিবেশন করেন।


দিনের অন্যতম আকর্ষণ ছিল কাজী নজরুল ইসলামের রচনায় নাটক ‘নীলকুঠি’। কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের পরিবেশনায় নাটকটি নির্দেশনা দেন নজির আহমেদ। নাটকের মধ্যদিয়ে নীলকরদের শোষণ-নিপীড়ন ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামের চিত্র তুলে ধরা হয়। নাটক উপভোগ করতে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। পুরো আয়োজনজুড়ে দর্শকদের আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবে বাড়তি প্রাণ সঞ্চার করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, জেলা জাসদের সভাপতি তৌহিদ হোসেন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস ও সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।


এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য এনামুল হক শাহ মুকুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন হাসান কাকন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন মালিক, দামুড়হুদা উপজেলা জাসাসের সভাপতি আক্কাস আলী, নজরুল স্মৃতি সংসদের সভাপতি শামসুল ইসলাম এবং অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হিরণ উর রশীদ শান্তসহ বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক নুসরাত জাহান করবী।


আজ বুধবার উৎসবের চতুর্থ দিনে চুয়াডাঙ্গা আবৃত্তি পরিষদের আয়োজনে আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাশাপাশি সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে মঞ্চস্থ হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত নাটক ‘ঈদুল ফেতর’।



কমেন্ট বক্স
notebook

৮ বছরেও চালু হয়নি ঝিনাইদহের ৪টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র