দর্শনায় কমলা লেবুর বাগানের ৮০টি গাছ কর্তন
- আপলোড তারিখঃ
৩০-১০-২০২১
ইং
দর্শনায় শত্রুতামূলকভাবে আমিনুল ইসলাম পিরু নামের এক চাষীর কমলা বাগানের ৮০টি ফলজ বৃক্ষ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে দর্শনা পৌর এলাকার দক্ষিন চাঁদপুর গ্রামের খাপড়াবিল মাঠে এ ঘটনা ঘটে। প্রতিদিনের ন্যায় গতকাল সকালে চাষী আমিনুল ইসলাম তাঁর কমলা বাগান পরিচর্যার জন্য গেলে এ দৃশ্য দেখতে পান। এ ঘটনায় গতকালই আমিনুল ইসলাম দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ভুক্তভোগী চাষী আমিনুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গত ৩ বছর পূর্বে খাপড়াবিল মাঠে ২ বিঘা জমিতে দার্জিলিং কমলা লেবুর বাগান করি। দীর্ঘ তিনবছর পরিচর্যার পর এ বছর আমার কমলা বাগানে ফুল ও ফল ধরেছে। প্রতিদিনের ন্যায় আজ (গতকাল) সকালেও গাছের পরিচর্যারর জন্য বাগানে এলে দেখতে পাই বাগানের ফুল ও ফলসহ ৮০টি কমলা গাছ শত্রুতামূলকভাবে কেটে দিয়েছে। যদি কারও শত্রুতা থাকে তবে তা আমার সঙ্গে ছিল। আমার এত কষ্টে তৈরি করা কমলা বাগান কার কী ক্ষতি করেছে। আমার তিন বছরের পরিশ্রম সমস্তকিছু বৃথ্যা হয়ে গেল।’
এদিকে, সকালে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষসহ স্থানীয় কয়েকজন চাষী আমিনুল ইসলামের কমলা বাগান দেখতে ভীড় জমায়।
কমেন্ট বক্স