বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বারবাজারের মুসলিম স্থাপত্য গলাকাটা মসজিদ

  • আপলোড তারিখঃ ২৫-১১-২০২৬ ইং
বারবাজারের মুসলিম স্থাপত্য গলাকাটা মসজিদ

স্নিগ্ধা আফরীন:
বারবাজার বাসস্ট্যান্ড হতে বারবাজার-তাহেরপুর সড়কসংলগ্ন উত্তর দিকে ধ্বংসপ্রাপ্ত এই মসজিদটি কালীগঞ্জ থানার বারবাজার মৌজার ১৫৮ এবং ১৯৩ নম্বর দাগে অবস্থিত। এই মসজিদটির প্রায় ২০০ মিটার পূর্বে গোড়ার মসজিদ এবং সমদূরত্বে পশ্চিম দিকে জোড়াবাংলা মসজিদটি অবস্থিত। মসজিদের সংলগ্ন দক্ষিণ পার্শ্বে পাকা ঘাটযুক্ত উত্তর-দক্ষিণ লম্বা একটি পুকুর রয়েছে। ১৯৯২-৯৩ অর্থবছরে উৎখননের মাধ্যমে ইমারতটির ধ্বংসাবশেষ উন্মোচিত হয়।


ভূমি নকশা ও গঠন: মসজিদটি একটি আয়তাকৃতির ইমারত। পোড়ানো ইট ও চুন-সুরকি উপাদানে ইমারতটি নির্মিত। বাইরের দিক থেকে মসজিদের পরিমাপ উত্তর-দক্ষিণে ১১.৪৪ মিটার এবং পূর্ব-পশ্চিমে ৮.১০ মিটার। অভ্যন্তরে দিকে এর পরিমাপ উত্তর-দক্ষিণে ৯.২১ মিটার এবং পূর্ব-পশ্চিমে ৫.৯৫ মিটার।


মসজিদ অভ্যন্তরে প্রবেশের জন্য পূর্ব প্রাচীরে তিনটি কৌণিক খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। দ্বিকেন্দ্রিক খিলান সহযোগে নির্মিত প্রবেশপথগুলোর মধ্যবর্তীটি অপেক্ষাকৃত বড়। এটি ২.৪৬ মিটার উঁচু এবং ১.১২ মিটার প্রশস্ত। অন্য দুটি প্রবেশপথ একই পরিমাপের এবং এদের উচ্চতা ২.২৭ মিটার, প্রশস্ততা ০.৯৬ মিটার। এগুলো ছাড়াও মসজিদের উত্তর ও দক্ষিণ পার্শ্বের উভয় দিকে দু’টি করে চারটি প্রবেশপথ রয়েছে। এ প্রবেশপথগুলো ইটের জালি দিয়ে বন্ধ করা। পূর্ব প্রাচীরের প্রবেশপথগুলো বরাবর কিবলা দেয়ালে তিনটি অর্ধবৃত্তাকৃতির সুসজ্জিত মিহরাব আছে। মধ্যবর্তী মিহরাবটি অপেক্ষাকৃত বড়। এটি পশ্চিম দেয়ালের বহির্ভাগ থেকে ০.৪০ মিটার প্রক্ষিপ্ত ও ১.৯৫ মিটার প্রশস্ত। মিহরাবগুলো পূর্ব দিকের প্রবেশপথ বরাবর নির্মিত। মসজিদের ভিতরে পশ্চিম প্রাচীরে ও পূর্ব প্রাচীরের সঙ্গে স্থাপিত দু’টি করে চারটি স্তম্ভ এবং উত্তর ও দক্ষিণ প্রাচীরে একটি করে মোট ছয়টি সংযুক্ত স্তম্ভ দৃশ্যমান। মসজিদের ভিতরে দুটি বারো কোণাকার পাথরের বিশাল স্তম্ভ রয়েছে। পাথরের পিলার দু’টির উচ্চতা ১৮৪ সে.মি. করে। এতে ফুলের নকশা দৃশ্যমান। এই পাথরের স্তম্ভ হতে চারটি করে খিলান উত্থিত হয়েছে। এই খিলানসমূহের উপরেই নির্মিত হয়েছে উল্টানো পেয়ালার ন্যায় ছয়টি গম্বুজ।


গম্বুজের নিচের ফাঁকা অংশ ভরাটের জন্য বাংলা পান্দানতিফ পদ্ধতির ব্যবহার করা হয়েছে। মসজিদের বহির্কোণসমূহে চারটি অষ্টভুজাকৃতির টাওয়ার গোলাকার স্ফীত ব্যান্ড দ্বারা কয়েকটি অংশে বিভক্ত। খননকালে মসজিদের পূর্বপাশে একটি বারান্দার ধ্বংসাবশেষ উন্মোচিত হয়েছিল। বর্তমানে সেটির সংস্কার করা হয়েছে।


অলঙ্করণ: মসজিদের অলঙ্করণসজ্জা বেশ চমৎকার। এর অভ্যন্তরে যে তিনটি অর্ধবৃত্তাকার অবতল মিহরাব রয়েছে, তা বিভিন্ন ধরনের অলঙ্করণে সুসজ্জিত। মিহরাবগুলো আয়তাকার প্যানেলের মধ্যে সংস্থাপিত। প্যানেলগুলো মসজিদের দেয়াল হতে ০.১০ মিটার বাইরের দিকে কিছুটা উদ্গত। এই মিহরাবগুলোর দুই পার্শ্বে পোড়ামাটির দিগন্ত রেখাকৃতির বাঁধন, জ্যামিতিক নকশা এবং ভেতরের দিকে আছে পোড়ামাটির শিকল-ঘণ্টা নকশা এবং প্রধান মিহরাবের প্যানেল ফুল ও লতা-পাতার নকশা করা টালি দ্বারা শোভিত। আয়তক্ষেত্রাকৃতির ফ্রেমের উপরে রয়েছে সারিবদ্ধ মারলন নকশার অলঙ্করণ এবং মিহরাবের দুই পার্শ্বে খাঁজকাটা নকশাযুক্ত টাওয়ার দৃশ্যমান। প্রধান মিহরাবের অভ্যন্তরীণ অবতলাকৃতির অংশটুকু ক্ষুদ্র প্যানেলে বিভক্ত। পার্শ্ববর্তী মিহরাব দু’টিতে একই রকমের নকশাঙ্কিত পিলার রয়েছে। এই পিলারগুলোতে এগারোটি স্তরবিশিষ্ট অলঙ্করণসজ্জা পরিদৃষ্ট হয়। এখানে বিভিন্ন ফুল, লতাপাতা ও পোড়ামাটির বরফি নকশা, ফুল, লতাপাতার অলঙ্করণ, দাঁতের মতো খাঁজকাটা অলঙ্করণ, বিভিন্ন পরিমাপের অলঙ্কৃত ফলক ও গোলাপ ফুলের সারি বিদ্যমান। এছাড়া এই মিহরাবের প্যানেলে গাণিতিক যোগ চিহ্নযুক্ত নকশা রয়েছে।


মসজিদের অভ্যন্তরে পশ্চিম দেয়ালে প্রধান মিহরাবের দুই পার্শ্বে একটি করে স্তম্ভদণ্ড এবং দড়ির মতো খোদাই করা নকশা রয়েছে। স্তম্ভের নিচের বর্গাকৃতির যে ভিত্তি রয়েছে সেখানে পাতার নকশা, গম্বুজের নিচের অংশে বরফি এবং এর উপরের অংশের চারদিকে বদ্ধ মারলন নকশা বিদ্যমান। মসজিদের বাইরে চার কোণায় চারটি অষ্টভুজাকৃতির বুরুজ দেখা যায়। এই বুরুজগুলো আবার তিনটি গোলাকার স্ফীত ব্যান্ড দ্বারা চারটি অংশে বিভক্ত। মসজিদের বাইরে প্রত্যেক দেয়ালের দুই প্রান্তে দু’টি করে মোট ১৬টি কুলুঙ্গি আছে। কুলুঙ্গিগুলোর মাঝখান হতে নিচের দিকে ২টি করে ব্যান্ড রয়েছে।


পর্যালোচনা: মসজিদের অষ্টকোণাকৃতির বুরুজ, উল্টানো পেয়ালার ন্যায় গম্বুজ, অলঙ্করণে ফুল, লতাপাতা, মারলন নকশার ব্যবহার, দ্বিকেন্দ্রিক কৌণিক খিলান, মিহরাবের পোড়ামাটির নকশা প্রভৃতি বৈশিষ্ট্যসমূহ সুলতানি আমলের বলে অনুমান করতে সাহায্য করে। তবে যেহেতু মসজিদ প্রাঙ্গণে কোনো শিলালিপি পাওয়া যায়নি, তাই এর নির্মাণকাল ও নির্মাতা সম্পর্কে নিশ্চিত করে কোনো মন্তব্য করা কষ্টসাধ্য। এই মসজিদের সঙ্গে জোড়াবাংলা মসজিদের নির্মাণশৈলী, স্থাপত্য গঠন এবং অলঙ্করণ বৈশিষ্ট্যাবলির সঙ্গে আলোচ্য গলাকাটা মসজিদের নির্মাণশৈলী এবং স্থাপত্য ও অলঙ্করণ বৈশিষ্ট্যের যথেষ্ট সাদৃশ্য রয়েছে। সুতরাং মসজিদটি হোসেন শাহের আমলে নির্মিত বলে অনুমান করার যুক্তি রয়েছে।
বাংলার সুলতানি ও মোগল স্থাপত্যে এই ধরনের ছয় গম্বুজবিশিষ্ট মসজিদের আরও উদাহরণ রয়েছে। যেমন ঢাকার বিক্রমপুরের রামপালে অবস্থিত বাবা আদম শহীদের মসজিদ (১৪৮৩ খ্রি.), ধনিয়াচক মসজিদ, ফিরোজপুর (পনেরো শতক), সোনারগাঁওয়ের মুয়াজ্জমপুর মসজিদ (১৪৮৩-৩৬ খ্রি.), গৌড়ের ঝনঝনিয়া মসজিদ, বাগেরহাটের রেজা খোদা মসজিদ (পনেরো শতক), নওগাঁর কুসুম্বা মসজিদ (১৫৫৮ খ্রি.) এবং মোগল আমলে নির্মিত চট্টগ্রামের মোল্লাহ শাহ মসজিদ, ওয়ালী খান মসজিদ ইত্যাদি।


নামকরণ: ১৯৯২ খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক মসজিদটি উন্মোচনের পূর্বে এই স্থাপনা নিয়ে পণ্ডিতদের মধ্যে একটা বিতর্ক ছিল। স্থানীয় জনসাধারণের ধারণা যে, হিন্দু রীতি অনুযায়ী এখানে পশুবলি, এমনকি নরবলি দেওয়া হতো, বিধায় এই দিঘিটির নামকরণ গলাকাটা দিঘি হয়েছে। পরবর্তীকালে উৎখননের পর দিঘির নামানুসারে মসজিদের নাম হয়েছে গলাকাটা মসজিদ। ব্রিটিশ সরকারের পরগণা শাহা উজালায় ভূমি রেকর্ডে এই ঢিবিটি মসজিদরূপে রেকর্ডকৃত ছিল। তবে এখানে যেহেতু কোনো মন্দির আবিষ্কৃত হয়নি, সেহেতু গলাকাটা নামকরণের ধারণা ভ্রান্ত বলে কেউ কেউ মনে করেন। তবে গলাকাটা দিঘির নামানুসারে পরবর্তীকালে উন্মোচিত মসজিদ গলাকাটা মসজিদ নামে নামকরণ হয়েছে।
লেখক পরিচিতি: স্নিগ্ধা আফরীন, গবেষক ও প্রাক্তন শিক্ষার্থী, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। মোবাইল: ০১৭৯৪২৩৪৫১৫



কমেন্ট বক্স
notebook

বারবাজারের মুসলিম স্থাপত্য গলাকাটা মসজিদ