মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডাকাতির কবলে আতঙ্কিত প্রসূতির সন্তান প্রসবের ঘটনায় মামলা

  • আপলোড তারিখঃ ২৪-১১-২০২৬ ইং
ডাকাতির কবলে আতঙ্কিত প্রসূতির সন্তান প্রসবের ঘটনায় মামলা

ঝিনাইদহে ডাকাতির কবলে পড়ে চরম আতঙ্কিত হয়ে অ্যাম্বুলেন্সে প্রসূতির সন্তান প্রসব করার ঘটনায় মামলা দায়ের হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী আব্দুল্লাহ আল নোমান।
বাদী আব্দুল্লাহ আল নোমান জানান, সন্তানসম্ভবা তার স্ত্রী এবং পরিবারের আরও তিনজন সদস্যকে নিয়ে তিনি যশোর যাচ্ছিলেন। অ্যাম্বুলেন্সটি কালীগঞ্জের গান্না-নিমতলা সড়কের সিংদহ গ্রামে পৌঁছালে সড়কের পাশের গাছ কেটে ব্যারিকেড দেয় আনুমানিক ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাত। তারা অ্যাম্বুলেন্সটি থামিয়ে প্রসূতির স্বামী, মা ও শাশুড়ির কাছে থাকা নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।


তিনি আরও জানান, ডাকাতির ঘটনায় আমার স্ত্রী ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েন। সেই আতঙ্কের মধ্যেই তিনি অ্যাম্বুলেন্সের মধ্যে সন্তান প্রসব করেন, কিন্তু নবজাতককে আর বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় আমি একটি মামলা দায়ের করেছি। পুলিশ আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি। ইতিমধ্যে একজনকে আটক করেছে পুলিশ। আমি তাকে চিনতে পেরেছি।


কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। সন্দেহভাজন হিসেবে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করি, দ্রুতই এ ঘটনার সঙ্গে জড়িতদের পুলিশ আটক করতে সক্ষম হবে।


উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত ২টার দিকে ডাকাতির কবলে পড়ে চরম আতঙ্কিত হয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেন এক প্রসূতি। এরপর নবজাতকের মৃত্যু হয়। ডাকাতদের হামলার শিকার ওই পরিবারটি চুয়াডাঙ্গা পোস্ট অফিস পাড়ার বাসিন্দা আব্দুল্লাহ আল নোমানের। এ সময় মুখোশধারী ডাকাতদল নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনাল