সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় মডার্ন ক্লিনিকে নরমাল ডেলিভারিতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

ডিসির কাছে অভিযোগ, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
  • আপলোড তারিখঃ ২৩-১১-২০২৬ ইং
দর্শনায় মডার্ন ক্লিনিকে নরমাল ডেলিভারিতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

দর্শনায় মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নরমাল ডেলিভারির জন্য ১৫ হাজার টাকা আদায় এবং ওষুধ সরবরাহ না করেই আরও ২ হাজার টাকা অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া বিলের খাত নিয়ে প্রশ্ন তোলায় রোগীর স্বজনদের ওপর চাপ সৃষ্টি এবং ভুয়া বিল তৈরির অভিযোগও করেছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।


ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর রাত ৮টার দিকে দর্শনা থানার উজলপুর গ্রামের মমতাজ খাতুনকে প্রসবজনিত চিকিৎসার জন্য দর্শনা মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৯টার দিকে তাকে ভর্তি করা হয়। এর প্রায় আধা ঘণ্টা পর কোনো ধরনের জটিলতা ছাড়াই স্বাভাবিকভাবে সন্তান প্রসব করেন প্রসূতি মমতাজ খাতুন। নরমাল ডেলিভারির পরপরই মডার্ন ক্লিনিক কর্তৃপক্ষ রোগীর স্বজনদের কাছে ১৫ হাজার টাকা বিল দাবি করে।


রাত ১১টার দিকে বিলের বিভিন্ন খাত সম্পর্কে জানতে চাইলে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি কর্তৃপক্ষ। পরে ভুয়া বিল তৈরি করে টাকা আদায়ে চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন স্বজনেরা। এছাড়া ঘটনার সময় তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করা হয় বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় ওষুধ সরবরাহ না করেই আরও ২ হাজার টাকা বিলের সঙ্গে যুক্ত করার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ক্লিনিকের কর্তব্যরত ম্যানেজার আব্দুল মুন্নাফ বলেন, ‘৯ মাসের গর্ভবতী অবস্থায় প্রসব বেদনা অবস্থায় আমাদের ক্লিনিকে আসেন, এ সময় পেইন কমানোর জন্য ক্লিনিকের স্বত্বাধিকারী ডাক্তার তরিকুল ইসলামের স্ত্রী গাইনি বিশেষজ্ঞ ডা. হোসনে আরা আঁখি প্রসব ব্যথা কমানোর জন্য ইনজেকশন পুশ করেন। কিন্তু প্রসব বেদনা অতিরিক্ত হওয়ায় তাকে নরমাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব করানো হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে ওষুধপত্র ব্যবহার করায় অতিরিক্ত বিল দেখানো হয়েছে।’


এ বিষয়ে দর্শনা মডার্ন ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. তরিকুল ইসলামের ফোনে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদের সঙ্গে কথা হলে তিনি জানান, দর্শনা মডার্ন ক্লিনিকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- ডা. আউলিয়া রহমান, ডা. ফারহানা ওয়াহিদ ও ডা. সাজিদ হাসান। সিভিল সার্জন আরও জানান, তদন্তের জন্য কমিটিকে চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন। 



কমেন্ট বক্স
notebook

গাংনীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার