শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৈরী আবহাওয়া, ২৪ ঘণ্টায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত

টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক
  • আপলোড তারিখঃ ২১-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৈরী আবহাওয়া, ২৪ ঘণ্টায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে চুয়াডাঙ্গায় টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়া বিরাজ করছে। গত দুই দিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিও হচ্ছে। এতে জেলার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। অন্যদিকে, মাঠে থাকা পাকা রোপা আমন ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বৃষ্টি অব্যাহত থাকলে আমন ধানের পাশাপাশি ভুট্টা ও শীতকালীন ফসলেরও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।


গত বৃহস্পতিবার সকাল থেকে জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। গতকাল শুক্রবার সকাল থেকে বৃষ্টির তীব্রতা বাড়তে থাকে। কখনো মুষলধারে, আবার কখনো থেমে থেমে বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মিলছে না। প্রতিকূল আবহাওয়ার কারণে প্রয়োজনীয় কাজ ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। কর্মস্থল ও ব্যবসাপ্রতিষ্ঠানে যাতায়াতেও ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।


জেলার সদর, দামুড়হুদা, জীবননগর ও আলমডাঙ্গা উপজেলার বিস্তীর্ণ এলাকায় এবার রোপা আমনের আবাদ হয়েছে। অধিকাংশ জমির ধান ইতোমধ্যে পেকে কাটার উপযোগী হয়েছে। এমন সময়ে টানা বৃষ্টিতে ধান কাটা ও ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোথাও জমিতে পানি জমেছে, আবার কোথাও পাকা ধানগাছ নুয়ে পড়েছে। বৃষ্টি আরও কয়েক দিন অব্যাহত থাকলে জমিতে পানি জমে ধান নষ্ট হওয়ার পাশাপাশি ফলন ও গুণগত মান কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। একই সঙ্গে ভুট্টা ও অন্যান্য শীতকালীন ফসল নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।


দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের নতুন গ্রামের চাষি মনিরুজ্জামান বলেন, দ্রুত বৃষ্টি না থামলে ফসল ঘরে তোলা নিয়ে বিপাকে পড়তে হবে। একই গ্রামের কৃষক আরাফাত আলী বলেন, মাঠের পাকা ধান নিয়ে তারা আতঙ্কে রয়েছেন। বৃষ্টি অব্যাহত থাকলে পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।


এদিকে বৃষ্টিতে কৃষিকাজের পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্মও ব্যাহত হচ্ছে। বিশেষ করে দিনমজুর, রিকশা-ভ্যানচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েছেন বেশি বিপাকে। বৃষ্টির কারণে অনেক দিনমজুর কাজে যেতে পারছেন না। আবার কেউ বৃষ্টি উপেক্ষা করে কাজে বের হলেও কাজ ও আয় দুটোই কমে গেছে। হাটবাজারেও ক্রেতাদের উপস্থিতি কম থাকায় বেচাকেনায় প্রভাব পড়েছে। খোলা জায়গায় বসা ক্ষুদ্র ব্যবসায়ী ও ভ্রাম্যমাণ বিক্রেতাদের দুর্ভোগ বেড়েছে।

আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া এলাকার দিনমজুর রেজাউল ইসলাম বলেন, ‘আমরা দিন আনি দিন খাই। প্রতিদিন সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হতে হয়। কিন্তু গত দুই দিন ধরে বৃষ্টির কারণে ঠিকমতো কাজে যেতে পারছি না। বৃষ্টির মধ্যে অনেক সময় কাজও পাওয়া যায় না। ফলে আয়-রোজগার বন্ধ হয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।’


ভ্যানচালক মজু বলেন, ‘বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে রাস্তায় আগের মতো যাত্রী পাওয়া যাচ্ছে না। বৃষ্টির মধ্যে ভ্যান নিয়ে বের হলেও আয় অনেক কমে গেছে। প্রতিদিনের আয়ের ওপরই আমাদের সংসার চলে। এভাবে বৃষ্টি চলতে থাকলে পরিবার নিয়ে চলা খুবই কষ্টকর হয়ে পড়বে।’


দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার জানান, বৃষ্টি দীর্ঘস্থায়ী না হলে কৃষিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। আবহাওয়া স্বাভাবিক হলে জমি থেকে পানি নেমে যাবে এবং ফসলের ক্ষতি এড়ানো সম্ভব হবে।


চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত ইনচার্জ জামিনুর রহমান জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় মোট ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিনের বৃষ্টিপাতের পরিমাণ ছিল মাত্র ০.২ মিলিমিটার। তিনি আরও জানান, আজ শনিবার দুপুর পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল রোববার নাগাদ আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।



কমেন্ট বক্স
notebook

ছাত্রদলের রাজপথ কাঁপানো সেক্রেটারি এখন ইজিবাইক চালক!