ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে তিনটি মামলা এবং অপরজনের বিরুদ্ধে মাদক ও পাসপোর্ট আইনে একটি করে মামলা রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধীন পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৬০/২৬-আর থেকে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জিন্নাহনগর বাজারের পাকা রাস্তার ওপর নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল হিসেবে অভিযুক্ত মো. জহুরুল হককে (৩৮) আটক করা হয়। তিনি মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে পাসপোর্ট আইনে তিনটি মামলা রয়েছে।
একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৫১/৫-আর থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লেবুতলা গ্রামের বটতলা সড়কে হাবিলদার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় চিহ্নিত মাদক চোরাকারবারি ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল হিসেবে অভিযুক্ত মো. আকবর আলী মণ্ডলকে (৪০) আটক করা হয়। তিনি মহেশপুর উপজেলার মাটিলা মাঠপাড়া গ্রামের মৃত তহির উদ্দিন মণ্ডলের ছেলে। তাঁর বিরুদ্ধে একটি মাদক মামলা ও পাসপোর্ট আইনে একটি মামলা রয়েছে।
আটক দুজনকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ৫৮ বিজিবি। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য জানান।
ঝিনাইদহ অফিস