আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তারকে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা ও পৌর বিএনপি। জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে বদলি হওয়ায় গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে ইউএনও শাহীনুর আক্তার বলেন, আলমডাঙ্গায় দায়িত্ব পালনকালে তিনি সবার আন্তরিক সহযোগিতা পেয়েছেন। বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা তাঁর দায়িত্ব পালনকে সহজ করেছে। অল্প সময়ের কর্মকাল হলেও আলমডাঙ্গার মানুষের সঙ্গে যে আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে, তা স্মরণীয় হয়ে থাকবে। নতুন কর্মস্থলেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এসময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, দায়িত্ব পালনকালে ইউএনও শাহীনুর আক্তার প্রশাসনিক কার্যক্রমে আন্তরিকতা ও পেশাদারত্বের পরিচয় দিয়েছেন। তাঁর নতুন কর্মস্থলে সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন তাঁরা।
আলমডাঙ্গা অফিস