জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ইউনিয়ন বিএনপি। গতকাল রোববার সন্ধ্যা ৬টায় কাশিপুর বাজারের কাঁঠালতলা মোড়ে এ সভার আয়োজন করা হয়। কেডিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস শুকুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি এবং কেডিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী তানভীর হোসেন রাজীব, কেডিকে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সম্ভাব্য মেম্বার প্রার্থী টিপু সুলতান, কেডিকে ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল হান্নান মণ্ডল, সহসভাপতি আনিসুর রহমান হাবলু এবং কেন্দ্রীয় ছাত্রদল নেতা ইকরামুল হক নয়ন।
এসময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মিলন শাহ, যুবদল নেতা আবু সামা টোকন, স্বেচ্ছাসেবক দলের ফারুক হোসেন, আব্দুর শুকুর, আমির হোসেন, সোহাগ হোসেন, বোরহান উদ্দিন, হাশেম, হালিম বিশ্বাস ও লাল্টু বিশ্বাসসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার হোসেন মাস্টার বলেন, কেডিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে একক প্রার্থী নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, দলের মধ্যে দ্বিতীয় কোনো প্রার্থী হতে দেওয়া যাবে না। নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। কেউ দলের মধ্যে বিভেদ সৃষ্টি করলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া