আলমডাঙ্গায় লোকমান হোসেন (প্রা.) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় অভিযান চালিয়ে মালিক লুৎফর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মণ্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
এর আগে গত ২১ অক্টোবর একই হাসপাতালে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ক্লিনিকটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনুর আক্তার। জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের দেওয়া নির্দেশ অমান্য করে গত ২৪ অক্টোবর শনিবার দুপুরে আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ায় অবস্থিত লোকমান হোসেন (প্রা.) হাসপাতালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের শাকদারচর গ্রামের রবি হোসেনের স্ত্রী সোনিয়া খাতুনের সিজারিয়ান অস্ত্রোপচার করেন চিকিৎসক ডা. নিলুফা ইয়াসমিন।
অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে সোনিয়া খাতুনের মৃত্যু হয়। এ ঘটনার পর গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মণ্ডল হাসপাতালটিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ওই ক্লিনিকের দায়িত্বে ডাক্তার ও নার্স না থাকা, হাসপাতাল পরিচালনায় সরকারি অনুমোদন না থাকা, হাসপাতাল পরিচালনায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে রোগীর সেবাদানের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত হাসপাতালের মালিক লুৎফর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানকালে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন এবং আলমডাঙ্গা থানার এসআই আলমগীর হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান প্রতিবেদক,আলমডাঙ্গা