সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে সরকারি নির্দেশনা ছাড়াই নতুন ভোটারদের ছবি তোলা বন্ধ

ছুটি নিয়ে এসেও সেবা পাচ্ছেন না শিক্ষার্থীরা
  • আপলোড তারিখঃ ২৬-১০-২০২৬ ইং
গাংনীতে সরকারি নির্দেশনা ছাড়াই নতুন ভোটারদের ছবি তোলা বন্ধ

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটারদের ছবি তোলা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রত্যাশীরা। সরকারি কোনো প্রজ্ঞাপন বা লিখিত নির্দেশনার তথ্য না জানিয়েই আগামী ২ নভেম্বর পর্যন্ত ছবি তোলা হবে না বলে জানিয়ে দিয়েছেন সদ্য যোগদান করা উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা। এতে দূর-দূরান্ত থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসেও ছবি তুলতে না পেরে বাড়ি ফিরছেন নতুন ভোটাররা। তাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও রয়েছেন।


ভুক্তভোগীদের অভিযোগ, নতুন ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে নির্বাচন অফিসে গিয়ে প্রথমে প্রয়োজনীয় কাগজপত্র ও ফাইল জমা নেওয়া হচ্ছে। পরে ছবি তোলা ছাড়াই বাড়ি ফিরে যেতে বলা হচ্ছে। পরবর্তী সময়ে ফোন করে ছবি তোলার তারিখ জানানো হবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। এতে যাতায়াতের খরচ ও সময় নষ্ট হওয়ার পাশাপাশি আবারও অফিসে আসা নিয়ে অনিশ্চয়তায় পড়ছেন তাঁরা।


বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ নিয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। তাঁদের কয়েকজন জানান, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে নতুন ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে গাংনী নির্বাচন অফিসে এসেছিলেন। কিন্তু ছবি না তুলেই ফিরে যেতে হয়েছে। পরবর্তী সময়ে আবার ছবি তুলতে আসতে হলে নতুন করে ছুটি নিতে হবে। এতে পড়াশোনার ক্ষতির পাশাপাশি বাড়তি সময় ও অর্থ ব্যয় হবে। আগে থেকে ছবি তোলার কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি জানানো হলে এ ভোগান্তিতে পড়তে হতো না।


নতুন ভোটারদের প্রশ্ন, ছবি তোলার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলে তা আগে থেকে জানানো হচ্ছে না কেন? সরকারি কোনো প্রজ্ঞাপন বা লিখিত নির্দেশনা ছাড়া কী কারণে ছবি তোলা বন্ধ রাখা হয়েছে, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা চান তাঁরা। তাঁদের মতে, সেবা বন্ধ থাকলে তা আগেই জানানো হলে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো সম্ভব।


এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা জানান, আগামী ২ নভেম্বরের আগে নতুন ভোটারদের ছবি তোলা সম্ভব নয়। তবে এ সময়ের মধ্যে ছবি তোলা সম্ভব না হওয়ার কারণ সম্পর্কে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। এ সিদ্ধান্তের পেছনে কোনো সরকারি নির্দেশনা রয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।


মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা একরামুল হক জানান, গাংনী উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটারদের ছবি তোলা হচ্ছে না কেন, তা খোঁজ নিয়ে দেখা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের জানান, নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম চলমান রয়েছে। গাংনী উপজেলা নির্বাচন অফিসে এ কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, দ্রুত ছবি তোলার কার্যক্রম চালু এবং সেবা বন্ধের কারণ স্পষ্ট করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী নতুন ভোটাররা।



কমেন্ট বক্স