সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় নারীঘটিত বিরোধে ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৬-১০-২০২৬ ইং
দামুড়হুদায় নারীঘটিত বিরোধে ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ

দামুড়হুদায় নারীঘটিত বিরোধের জেরে নায়েব আলী (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ৮টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত নায়েব আলী উপজেলার দশমীপাড়ার বুদোর ছেলে। আহতের পরিবারের অভিযোগ, নায়েব আলীর ছেলে রাহেলের সঙ্গে একই উপজেলার কেশবপুর গ্রামের লিখনের মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। এ বিষয়টি মেয়ের বাবা দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের সদস্য জাহিদুল ইসলামকে জানান। পরে এ নিয়ে জাহিদুল ইসলামের সঙ্গে নায়েব আলীর কথা-কাটাকাটি হয়।


পরিবারের দাবি, গতকাল রাতে নায়েব আলী দামুড়হুদা বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে বসে ছিলেন। এসময় ইউপি সদস্য জাহিদুল ইসলামসহ তিন-চারজন সেখানে এসে তাঁকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।


ঘটনার খবর পেয়ে দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নুরুল্লাহ, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এবং দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন বলেন, নায়েব আলীকে কুপিয়ে জখম করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।



কমেন্ট বক্স