দর্শনা টাইগার ক্লাবের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বাজার সংলগ্ন কেরুজ ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, মাদক থেকে যুবসমাজকে দূরে রেখে খেলার মাঠমুখী করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি আন্তরিক। আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা থেকে সারাদেশে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর উদ্যোগকে আরও শক্তিশালী করতে জেলার প্রতিটি এলাকায় প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করা হচ্ছে।
টুর্নামেন্টের উদ্বোধক কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলা মননশীলতার বিকাশ ঘটায়, সুপ্ত প্রতিভা বিকশিত করে এবং সৃজনশীল ও সাহসী মানুষ হিসেবে গড়ে তোলে। খেলাধুলার মাধ্যমেই বিশ্ব দরবারে দেশের পরিচয় তুলে ধরা সম্ভব।
দর্শনা টাইগার ক্লাবের সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকারম হোসেন, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল, ইকবাল হোসেন, শরিফ উদ্দিন, মোমিনুল ইসলাম, শফিকুল আযম তোতা, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মহেশপুর একাদশ ও নাটোর একাদশ। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫টি শটের মধ্যে ১-০ গোলে মহেশপুর একাদশকে পরাজিত করে নাটোর একাদশ সেমিফাইনালে উত্তীর্ণ হয়। খেলা পরিচালনা করেন সাইফুর রহমান সেণ্টু, একরামুল হাসান নিপুন ও আব্দুস সবুর। ধারাভাষ্যে ছিলেন শামীম খান।
টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টাইগার ক্লাবের সাধারণ সম্পাদক রিয়েল ইসলাম লিওন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রিংকু, দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক অপু সুলতান, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, সদস্যসচিব আল মামুন, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোফাজ্জেল হোসেন মোফা ও সাধারণ সম্পাদক পলাশ আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দর্শনা অফিস