‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ‘ক্যাশলেস হরিণাকুণ্ডু, ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং এনআরবিসি ব্যাংকের তত্ত্বাবধানে এ বিশেষ কার্যক্রম শুরু হয়। গতকাল মঙ্গলবার হরিণাকুণ্ডুতে আয়োজিত এক উৎসবমুখর অনুষ্ঠানে সর্বজনীন ডিজিটাল লেনদেন ব্যবস্থা ‘এক দেশ এক ছজ’ ও ‘বাংলা ছজ’ (ইঅঘএখঅ ছজ)-এর প্রচার এবং সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সার্বজনীন বাংলা কিউআর কোড ব্যবহারের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীসহ সাধারণ গ্রাহকরা অত্যন্ত দ্রুত, সহজ ও নিরাপদ উপায়ে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এই উদ্যোগের ফলে একদিকে যেমন নগদ টাকার ব্যবহার ও ঝুঁকি হ্রাস পাবে, অন্যদিকে ব্যাংকিং সেবার বাইরে থাকা প্রান্তিক জনগোষ্ঠীও সহজে আধুনিক আর্থিক সেবার আওতায় আসার সুযোগ পাবে।
সোনালী ব্যাংক হরিণাকুণ্ডু শাখার ব্যবস্থাপক জেএম মোবাশ্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন। প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক খুলনার প্রতিনিধি নাফিউল করিম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনআরবিসি ব্যাংকের খুলনা ও বরিশাল বিভাগীয় প্রধান আব্দুল হালিম, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন, সালেহা বেগম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনিচুর রহমান, হরিণাকুণ্ডু ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব তাইজেল হোসেন এবং সালেহা বেগম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোক্তার আলীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: