চুয়াডাঙ্গা সদর উপজেলার গোরস্থানপাড়ায় বিশেষ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪১ হাজার ৭০০ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গতকাল শনিবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে গোরস্থানপাড়ার সেলিনার গলিতে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল গোরস্থানপাড়ার মমতাজ বেগমের বাড়ির সামনের কাঁচা-পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গোরস্থানপাড়ার মোছা. স্মৃতি খাতুন (১৯) ও তার স্বামী মো. শীতল হোসেন (২১)। অপর দুজন হলেন- চুয়াডাঙ্গার মালোপাড়ার গোলাপ হোসেনের ছেলে আকাশ আহমেদ (২৩) এবং শংকর হালদারের ছেলে প্রতীক হালদার (২০)। পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা। এ ছাড়া মাদক বিক্রির নগদ ৪১ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, উদ্ধার করা মাদকদ্রব্য বিক্রি, হেফাজতে রাখা, পৃষ্ঠপোষকতা ও মদদদানের সঙ্গে গ্রেপ্তার চারজনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ঘটনায় আরও তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে উদ্ধার করা আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযানে পরিচালনা পালন করেন চুয়াডাঙ্গা সদর থানার এসআই অভিজিৎ সিংহ রায়।
নিজস্ব প্রতিবেদক