সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গণপিটুনিতে মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে ঝিনাইদহে ফের খুন

প্রতিবন্ধীকে তাড়া করে ধানখেতে কুপিয়ে হত্যা
  • আপলোড তারিখঃ ২৪-০৮-২০২৬ ইং
গণপিটুনিতে মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে ঝিনাইদহে ফের খুন

ঝিনাইদহে জনতার গণপিটুনিতে এক সন্দেহভাজন গরু চোরের মৃত্যুর চব্বিশ ঘণ্টা পার হতে না হতেই আবারও রক্তক্ষয়ী হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তবিবর রহমান (৪৫) নামে এক মানসিক প্রতিবন্ধী কৃষককে প্রকাশ্যে তাড়া করে ধানক্ষেতের মধ্যে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছে তাঁরই নিজ চাচা ও চাচাতো ভাই।


গতকাল রোববার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মল্লিকপুর গ্রামে এ বর্বরোচিত ঘটনা ঘটে। নিহত তবিবর রহমান ওই গ্রামেরই বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে এলাকায় মানসিক প্রতিবন্ধী হিসেবে পরিচিত ছিলেন।


স্থানীয় ইউপি সদস্য সবুজ জোয়ার্দ্দার ও প্রতিবেশী জিয়াউর রহমান জানান, রোববার সকালে তবিবরের ননদ বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় মানসিক অসুস্থতাজনিত স্বভাববশত তবিবর পেছন থেকে তাঁর ননদকে একটি লাঠি দিয়ে আঘাত করেন। বিষয়টি তাঁর ননদ তৎক্ষণাৎ নিজ স্বামী উজির আলী ও ছেলে শাকিলকে গিয়ে জানান।


এ ঘটনায় উজির আলী ও তাঁর ছেলে শাকিল চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা লাঠিসোটাসহ ধারালো অস্ত্র নিয়ে তবিবরকে ধাওয়া করেন। প্রাণভয়ে তবিবর মাঠের দিকে দৌড়াতে থাকেন। একপর্যায়ে গ্রামের একটি ধানক্ষেতের মধ্যে তবিবর পড়ে গেলে উজির ও শাকিল তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন। তাঁরা তবিবরের বুকের বাম পাঁজরে ধারালো অস্ত্র দিয়ে ওপর্যুপরি আঘাত করেন এবং পিটিয়ে হত্যা নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।


একদিনের ব্যবধানে জেলায় পরপর দুটি খুনের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ মল্লিকপুর গ্রামের একটি ধানখেত থেকে তবিবর রহমানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত চাচা উজির আলী ও চাচাতো ভাই শাকিল পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় ত্রিমুখী মোটরসাইকেলের সংঘর্ষ