শুক্রবার, ১৪ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় সংবাদ প্রকাশের পর

ওসি অসিত কুমারকে পুলিশ লাইনে ক্লোজড

  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০২৬ ইং
ওসি অসিত কুমারকে পুলিশ লাইনে ক্লোজড

আসিফ কাজল, ঝিনাইদহ:



কুমিল্লার লাকসামের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু এবং পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির পারভেজকে গুম ও হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায়কে পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় তাঁর অপকর্ম ও মামলার তথ্য গোপন করার বিষয়ে সংবাদ প্রকাশের পরপরই জেলা পুলিশ প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়। এর জের ধরে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান তাঁকে হরিণাকুণ্ডু থানা থেকে তাৎক্ষণিক প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দেন।


গতকাল বৃহস্পতিবার দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় গুম-হত্যা মামলার তথ্য গোপন করে হরিণাকুণ্ডু থানায় বহাল তবিয়তে থাকা এবং স্থানীয় চরমপন্থী ও মাদক কারবারিদের পৃষ্ঠপোষকতা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে দ্রুত এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়।


মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৭ নভেম্বর বিএনপির টানা অবরোধ কর্মসূচি চলাকালে কুমিল্লার লাকসাম থেকে সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু ও বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজকে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে গুম করা হয়। ২০১৪ সালে কুমিল্লার আদালতে র‌্যাব-১১-এর মৃত্যুদণ্ডপ্রাপ্ত কর্মকর্তা তারেক সাঈদসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে যে মামলা করা হয়, তাতে অন্যতম এজাহারনামীয় আসামি ছিলেন তৎকালীন এসআই (বর্তমানে পরিদর্শক) অসিত কুমার রায়।
ফ্যাসিস্ট সরকারের আমলে মামলার তথ্য গোপন করে তিনি দীর্ঘদিন ধরে হরিণাকুণ্ডু থানায় 'ওসি তদন্ত' হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিশেষ করে দীর্ঘদিন হরিণাকুণ্ডু থানায় নিয়মিত ওসি না থাকার সুযোগে তিনি চরম বেপরোয়া হয়ে ওঠেন এবং অপরাধী চক্রের সঙ্গে সিন্ডিকেট গড়ে তোলেন।


পূর্বে এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায়ের কাছে গুম ও হত্যা মামলার আসামি হওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি পুরো বিষয়টি এড়িয়ে গিয়ে 'মোবাইলে বলা যাবে না' বলে চটজলদি ফোন রেখে দেন। অন্যদিকে হরিণাকুণ্ডু থানার নবাগত ওসি জুলফিকার আলী জানান, তিনি সদ্য যোগদান করায় অসিত কুমার রায়ের বিরুদ্ধে এমন গুরুতর মামলার বিষয়ে অবগত ছিলেন না।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান বৃহস্পতিবার বিকেলে জানান, গুম ও হত্যা মামলার আসামি থাকার খবরটি নিশ্চিত হওয়ার পরপরই অসিত কুমার রায়কে হরিণাকুণ্ডু থানা থেকে প্রত্যাহার করে ঝিনাইদহ পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। বর্তমানে তিনি কোনো দায়িত্বে নেই। পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঞ্চল্যকর গুম ও হত্যা মামলার আসামি এই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে অবিলম্বে গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল।



কমেন্ট বক্স
notebook

বিদ্যুৎ সংকটে স্থবির ঝিনাইদহ, ব্যাহত হচ্ছে কৃষি সেচ ও শিল্প উৎপাদন