বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা

রাতে আতশবাজি ও পিকনিকে পাড়া-মহল্লায় উচ্ছাস
  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০২৬ ইং
ঝিনাইদহে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা

মঙ্গলবার রাত তখন ১টা। ঝিনাইদহ শহরের ব্যাপারিপাড়ার বটতলায় সাদা কাপড় টানিয়ে প্রজেক্টরে ফুটবল খেলা দেখছে শতাধিক যুবক। খেলা চলছে স্পেন ও ফ্রান্সের। একটু দূরে উজির আলী স্কুল মাঠে আরেক দল। কেসি কলেজ চত্বরে বড় পর্দায় খেলা দেখার আয়োজন। একই চিত্র মডার্ন মোড়, আরাপপুর, হামদহ থেকে শুরু করে গ্রামের হাটে-বাজারেও। মধ্যরাতে গোল হলেই আতশবাজির রঙিন আলোয় ঝলমল করে উঠছে আকাশ, আনন্দ-উল্লাসে মুখরিত হচ্ছে পাড়া-মহল্লা। যেন গোটা ঝিনাইদহ এখন ফুটবলের উৎসবে মেতেছে।


বিশ্ব ফুটবলের বড় আসরকে ঘিরে ঝিনাইদহে এই উন্মাদনা চোখে পড়ার মতো। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা চলছে। মহল্লায় মহল্লায় হলুদ আর আকাশি-সাদা পতাকায় ছেয়ে গেছে। কোথাও ব্রাজিলের ৫ তারকা, কোথাও আর্জেন্টিনার ৩ তারকার ব্যানার। চায়ের দোকান থেকে সেলুন, সবখানে এখন একটাই আলোচনা কার ফর্ম ভালো, কে উঠবে ফাইনালে। এই তর্ক-বিতর্কই যুব সমাজকে একসাথে বেঁধে রেখেছে।


সরেজমিনে দেখা গেছে, ঝিনাইদহ শহরের ব্যাপারিপাড়া, কাঞ্চননগর, কলাবাগান, উপ-শহরপাড়া ও পাগলাকানাই এলাকায় যুবকরা প্রজেক্টর ভাড়া করছে। কেসি কলেজ চত্বরে ছাত্ররা খোলা আকাশের নিচে খেলা দেখার জন্য বসার ব্যবস্থা করেছে। উজির আলী স্কুল চত্বরে আয়োজন করেছে স্থানীয় যুবকরা। আদর্শপাড়ায় সবাই মিলেমিশে এক কাতারে বসে খেলা দেখছেÑএটাই এই উৎসবের সবচেয়ে বড় সৌন্দর্য।


শুধু শহর নয়, এই জ্বর ছড়িয়ে পড়েছে গ্রামেও। শৈলকুপা, হরিণাকুণ্ডু, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুরের বিভিন্ন হাট-বাজারে দোকান বন্ধ করে সবাই একসাথে খেলা দেখছে। কোথাও কোথাও দুই দলের সমর্থকরা মুখোমুখি বসে খেলা দেখছে, খিচুড়ি ও মাংস রান্না করে খাচ্ছে। গোল হলেই একসাথে হাততালি, কোলাকুলি, মিষ্টি বিতরণ। হিংসা নয়, সম্প্রীতির বার্তা ছড়াচ্ছে ফুটবল।


এই ফুটবল উন্মাদনা ঝিনাইদহের তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখছে। রাত জেগে তারা খারাপ কাজে নয়, খেলার আনন্দে মেতে আছে। পাড়ার ছোট-বড় সবাই একসাথে হওয়ায় সামাজিক বন্ধনও দৃঢ় হচ্ছে। অনেক জায়গায় খেলা দেখার পাশাপাশি হচ্ছে পিকনিক।


সব মিলিয়ে ঝিনাইদহ এখন দুই ভাগে বিভক্ত ব্রাজিল আর আর্জেন্টিনায়, তবে এই বিভক্তি আনন্দের, ভালোবাসার। রাস্তায় বেরলেই বোঝা যায়, ভিনদেশি দুই দলের প্রেমে কীভাবে রাত জাগছে একটি জেলা। যতদিন টুর্নামেন্ট চলবে, ততদিন এই উৎসব থাকবে বলেই মনে করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। ফুটবলের এই ভালোবাসাই প্রমাণ করে, ফুটবল শুধু খেলা নয়, ঝিনাইদহের তরুণদের কাছে এটি এক আবেগের নাম, এক মিলন মেলার নাম।



কমেন্ট বক্স
notebook

সরোজগঞ্জ বাজারে লোভা স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা