ঝিনাইদহ শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্র ও যুবলীগের তিন নেতা-কমীকে গ্রেপ্তার করেছে। এছাড়া গত সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় চিরুনী অভিযান চালিয়েছে পুলিশের বিভিন্ন ইউনিট। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের যুবলীগ নেতা নুরে আলম বিপ্লবের ছেলে ফারহান নিলয় দীঘল, পৌর এলাকার আরাপপুর এলাকার বজলুর রহমানের ছেলে মেহেদী হাসান সোহেল এবং সদর উপজেলার শ্রীফলতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে আশিক।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার ভোরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। মিছিলের পরে ওই দিন দুপুরে সদর থানার এসআই রাজীব আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ২৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
মামলার আসামিরা হলেন- নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, সাধারণ সম্পাদক আল ইমরান, হেহেদী হাসান সোহেল, হোসাইন মোহাম্মদ ফরহাদ, মাহাতাসিন বিল্লাহ জিসান, রাশেদুল হাসান সোহান, ফজলে রাব্বি অনু, বিশ্বাস হাদিউজ্জামান, নিলয় ফারহান দিঘল, আল মাইমুন সংগ্রাম, শেখ সাদী, সেলিম হোসেন, মিশন আক্তার, মেহেদী হাসান সৈকত, বিএম রকিবুল করীম, রবিউল ইসলাম রাব্বি ওরফে অর্ক, ইমরাজ আহম্মেদ, আসিফ হোসেন, আসাদ হোসেন, রানা মিয়া, আবু রেহান কাজল, সানি, সৈয়দ শহরিয়ার ও আবিদসহ অজ্ঞাত আরও ১০-১৫ জন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে শহরে মিছিল করেছে। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় ২৪ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
ঝিনাইদহ অফিস