রবিবার, ৯ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

  • আপলোড তারিখঃ ০৮-০৬-২০২৬ ইং
ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ঝিনাইদহে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মিছিল থেকে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে এবং মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। গতকাল সোমবার ভোর ৫টার দিকে শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বর এলাকা থেকে মিছিলটি বের করা হয়।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ‘শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনের ট্রাইব্যুনাল বন্ধ কর, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চাই’ সংবলিত একটি ব্যানারে মিছিলটি বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান। এতে অন্তত ৩০ থেকে ৩৫ জন নেতা-কর্মী অংশ নেন।


ঝটিকা মিছিলটি মাত্র ৫ মিনিটের মতো স্থায়ী ছিল। ফজরের আজান ও নামাজের সময় হওয়ায় রাস্তায় লোকজন কম ছিল। পরবর্তীতে মিছিলের আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসতে শুরু করলে ছাত্রলীগের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।


এদিকে সকালে মিছিলের একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা’ এবং ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, মানি না মানব না’ বলে স্লোগান দিচ্ছেন।


ঝটিকা মিছিলের বিষয়ে বিস্তারিত জানতে ছাত্রলীগ বা সংশ্লিষ্ট অন্য কোনো নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক দীর্ঘদিন ঢাকায় পলাতক ছিল। খবর পেয়েছি রাতে তিনি ২/৩টি মাইক্রোবাসে নেতাকর্মী ঝিনাইদহে এনে আকস্মিক এই মিছিল করেছে। তিনি ভিডিও পুটেজ দেখে মিছিলকারীদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করবেন বলে জানান।
এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন জানান, ‘ফজরের নামাজের সময় শহরের পায়রা চত্বরে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিলের খবর আমরা পেয়েছি। মিছিলের একাধিক ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার কাজ চলছে। দ্রুতই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



কমেন্ট বক্স
notebook

গাংনীর বেতবাড়িয়ায় পরিত্যক্ত জমিতে একাধিক মাইনসদৃশ বস্তুর সন্ধান, ঘিরে রেখেছে পুলিশ