ঝিনাইদহে ছাত্রদলের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা জামিন পেয়েছেন। জামিনের পরে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। গতকাল সোমবার সকাল ১০টায় ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচীর আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা।
আসামি পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন। শুনানি শেষে আদালত এনসিপি নেতা তারেক রেজার জামিন মঞ্জুর করেন। তবে একই মামলায় গ্রেপ্তার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন মঞ্জুর করেননি আদালত। গত রোববার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে সংবাদ সম্মেলনের আগ মুহূর্তে পুলিশ গ্রেপ্তার করে। অন্যদিকে শনিবার যশোরের একটি ক্লিনিক থেকে একই সংগঠনের যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত দুজনকেই রোববার রাতে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করা হয়।
রাতেই আদালতে জামিন শুনানি নিয়ে অনুষ্ঠিত হয়। বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক তাদের দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারের তের ঘন্টা পর তারেক রেজার জামিন হলেও যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে জামিন দেননি আদালত। জামিনের বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ আদালতের কোর্ট ইন্সপেক্টর মুক্তার হোসেন জানান, এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজার জামিন মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। আদালতের আদেশ জেলা কারাগারে পৌঁছানোর পর তাকে মুক্তি দেওয়া হয়েছে।
ঝিনাইদহ অফিস