সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর স্থিতিশীল রাখতে ঝিনাইদহ শহরের প্রধান বাজারে আকস্মিক মনিটরিং করেছেন সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি শহরের নতুন হাটখোলা বাজারের বিভিন্ন দোকান ও আড়ত ঘুরে দেখেন। সংসদ সদস্যের এই পরিদর্শনের সময় বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলীম, শহর জামায়াতের আমির ইসমাইল হোসেনসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাজার পরিদর্শন শেষে সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর সাংবাদিকদের জানান, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও কষ্টের কথা বিবেচনা করেই তিনি ব্যক্তিগতভাবে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে নেমেছেন। তিনি বলেন, ‘বাজার মনিটরিং করা মূলত প্রশাসনের নিয়মিত কাজ হলেও জনগণের প্রতিনিধি হিসেবে আমি বাস্তব অবস্থা জানতে সরাসরি মাঠে এসেছি। কোনো ব্যবসায়ী যেন অযৌক্তিক বা অন্যায্যভাবে দাম বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলতে পারে, সে বিষয়ে আমরা কড়া নজর রাখছি। প্রশাসনের পাশাপাশি ক্রেতা ও ভোক্তাদেরও নিজ নিজ অধিকার রক্ষায় সচেতন হতে হবে।’
অভিযান সম্পর্কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, বাজার দর নিয়ন্ত্রণে রাখা এবং পণ্যের সঠিক মান নিশ্চিত করা তাদের নিয়মিত কর্মসূচির অংশ। অভিযানে কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে অনিয়ম বা অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
ঝিনাইদহ অফিস