ইরানের ওপর মার্কিন সাম্রাজ্যবাদ ও তার মদদপুষ্ট ইসরায়েল সরকারের আক্রমণ, সরাসরি আগ্রাসন এবং আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) ঝিনাইদহ জেলা কমিটি। গতকাল রোববার জেলা কমিটির সভাপতি তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন এক বিবৃতিতে এ আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, বিশ্ববাজার ও প্রভাববলয় পুনর্বণ্টনকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি এবং তাদের প্রতিপক্ষ চীন-রাশিয়ার মধ্যে তীব্র প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে ইরানের ওপর সামরিক হামলা ও আগ্রাসন সরাসরি সম্পর্কিত। তারা দাবি করেন, সাম্প্রতিক ইসরায়েল-আমেরিকার হামলায় ইরানে সরকারপ্রধান ও শিশুসহ ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়েছে। পাশাপাশি পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধসহ সমগ্র মধ্যপ্রাচ্যজুড়ে যে যুদ্ধাবস্থা বিরাজ করছে, তার মূলেও রয়েছে আন্তঃসাম্রাজ্যবাদী তীব্র প্রতিযোগিতা।
বিবৃতিতে আরও বলা হয়, ভূরাজনৈতিক ও রণনৈতিক গুরুত্বের কারণে বাংলাদেশকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি এবং প্রতিপক্ষ চীন-রাশিয়া—উভয় পক্ষই নিজেদের যুদ্ধপ্রস্তুতির অংশ হিসেবে সম্পৃক্ত করতে চায়। তাদের ভাষ্য অনুযায়ী, এই প্রেক্ষাপটে দেশে রাজনৈতিক পরিবর্তন ও নির্বাচনও বৃহত্তর কৌশলগত স্বার্থের সঙ্গে সম্পর্কিত। তারা অভিযোগ করেন, ‘মানবিক করিডোর’, বন্দর ইজারা, স্টারলিংকের সঙ্গে চুক্তি ও সামরিক ঘাঁটি নির্মাণের মতো উদ্যোগ প্রতিপক্ষকে মোকাবিলার কৌশলের অংশ। ফলে বাংলাদেশও আন্তঃসাম্রাজ্যবাদী সংঘাতের ঝুঁকির মুখে পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশ একটি জটিল সমীকরণের মধ্য দিয়ে এগোচ্ছে। তাদের মতে, বাংলাদেশের জনগণের মুক্তির প্রশ্ন এবং ইরান, ফিলিস্তিন ও ইউক্রেনে আগ্রাসনবিরোধী সংগ্রাম একই সূত্রে গাঁথা। তাই জাতীয় মুক্তির লক্ষ্য সামনে রেখে সকল সাম্রাজ্যবাদ ও দালালবিরোধী শক্তি, ব্যক্তি ও গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক সংগ্রাম বেগবান করার আহ্বান জানান তারা।
ঝিনাইদহ অফিস