ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির প্রার্থী রাশেদ খানের কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষের সময়ে পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে। গতকাল শনিবার কালীগঞ্জ থানার এসআই জাহিদ হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ সাবেক ইউপি চেয়ারম্যান বিষয়খালী এলাকার বাসিন্দা খুরশিদ আলম, মতি মিয়া, মনিরুল ইসলাম, নুর আঙ্গির মন্ডল, পলাশ মন্ডল ও ওলাদ হোসেনকে গ্রেপ্তার করেছে। তারা সবাই সদর উপজেলার খামারইল ও বিষয়খালী এলাকার বাসিন্দা। মামলার বিবরনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী কার্যক্রমকে কেন্দ্র করে শুক্রবার সকালে রাশেদ খানের কার্যালয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটে। এ সময় তারা দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপরও হামলা চালায়। এতে কালীগঞ্জ থানার ৩ জন পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনার মামলায় অভিযুক্তদের আটকে পুলিশ শনিবার বিকেল সাড়ে ৩টায় বিষয়খালী বাজারে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলায় পুলিশ ৬ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদক