ঝিনাইদহের জেলার মহেশপুর উপজেলায় সোলেমানপুর সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি। সেমাবার সকাল সাড়ে ১০টায় তিনি বাঘাডাঙ্গা বিওপি’র অধীনস্ত সোলেমানপুর পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অধিনায়ক পূজা আয়োজক কমিটির সভাপতি ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি আয়োজক কমিটির কাছে নগদ ১০ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেন। পূজা আয়োজক কমিটি বিজিবির এই সহযোগিতায় আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে স্বাগত জানায়। পরিদর্শনের সময় অধিনায়কের সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ-অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা।
আজ বেলা ৪টায় মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সমীকরণ প্রতিবেদক