ঝিনাইদহের হরিণাকুণ্ডু শহরের মোবাইল ব্যবসায়ী হামিদুল ইসলাম জনি হত্যা মামলার রায়ে একমাত্র আসামি সজীব আহম্মেদ অপুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ এমরান হোসেন চৌধুরী এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সজীব আহম্মেদ অপু হরিণাকুণ্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৫ ডিসেম্বর হরিণাকুণ্ডু শহরের কসাই মোড়ের একটি মোবাইলের দোকানে হামিদুল ইসলাম জনিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। হত্যার পর তার ভাই ছাব্বির আহমেদ বাদী হয়ে সজীব আহম্মেদ অপুসহ অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত জনি আদর্শ আন্দুলিয়া গ্রামের আতিয়ার রহমান মুন্সির ছেলে। তদন্ত শেষে পুলিশ সজীব আহম্মেদ অপুকে দায়ী করে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ১৯ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে গতকাল বুধবার বিকেলে এই রায় ঘোষণা করেন।
আসামি পক্ষে অ্যাড. মো. রবিউল ইসলাম ও সরকার পক্ষে অ্যাড. এস এম মশিয়ূর রহমান মামলাটি পরিচালনা করেন। আদালতের বেঞ্চ সহকারী ওহিদুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডিত আসামি কারা হেফাজতে আছেন এবং তার উপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।
ঝিনাইদহ অফিস