ডাকসু নির্বাচনে এবার আলোচনায় ঝিনাইদহের ৮ ছাত্র নেতা। ডাকুসতে ছাত্রদলের আবিদ-হামিম-মায়েদ প্যানেল থেকে ঝিনাইদহের বিভিন্ন উপজেলার ৮ তরুণ নির্বাচন করছেন। এর মধ্যে দুজন হল ছাত্র সংসদের ভিপি পদে লড়াই করছেন। ঝিনাইদহের যেসব ছাত্র নেতা ডাকসু নির্বাচনে লড়াই করছেন, তারা হলেন- কবি জসিম উদ্দীন হলের ভিপি প্রার্থী মহেশপুর উপজেলার আব্দুল ওহেদ ও শেখ মুজিবুর রহমান হলের ভিপি প্রার্থী মহেশপুর উপজেলার সাঈফ আল ইসলাম দীপ।
এছাড়া বিজয় একাত্তর হলের সাহিত্য সম্পাদক প্রার্থী মহেশপুর উপজেলার ইমতিয়াজ আহমেদ রনি, শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের পাঠকক্ষ সম্পাদক শৈলকূপা উপজেলার আসফিরান আশিক রহমান, মাস্টারদা সূর্যসেন হলের পাঠকক্ষ সম্পাদক ঝিনাইদহ সদর উপজেলার শাকিল আহমেদ, একই হলের সংস্কৃতি সম্পাদক প্রার্থী হরিণাকুণ্ডু উপজেলার সাব্বির রহমান, জিয়াউর রহমান হলের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক বিএম ফাহাদ ইয়া ও মহসিন হলের সদস্য প্রার্থী আবদুল্লাহ।
ডাকসু নির্বাচনে ঝিনাইদহের এই ৮ ছাত্র নেতাদের পরিবার তাদের সন্তানদের ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছে। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস এম সমিনুজ্জামান সমেন জানান, একই জেলা থেকে ৮ জন ছাত্র নেতার ভোট করা নজিরবিহীন। তিনি আবিদ-হামিম-মায়েদ প্যানেল থেকে ঝিনাইদহের এই ৮ জন ছাত্রনেতাকে ভোট দেওয়ার জন্য ঢাবির শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এদিকে, চুয়াডাঙ্গা জেলার ৪ শিক্ষার্থী এবার ডাকসুতে অংশ নেয়ার তথ্য পাওয়া গেছে। এরা হলেন- কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী ওয়াকার রহমান সৌরভ ও আব্দুল্লাহ্ আল মুবিন রিফাত, স্যার এএফ রহমান হল সংসদে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী মাহফুজ আহমেদ এবং পাঠকক্ষ সম্পাদক পদপ্রার্থী ওয়াসির আল মাসতুর।
ঝিনাইদহ অফিস