রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
মহেশপুরের খোসালপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান

৫ লাখ ভারতীয় জাল রুপিসহ বাংলাদেশি আটক

  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০২৫ ইং
৫ লাখ ভারতীয় জাল রুপিসহ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫ লাখ ৪ হাজার ভারতীয় জাল রুপি দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে মহেশপুর সীমান্তের খোসালপুর এলাকা থেকে এক শিশুসহ ওই দুজনকে আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপরজন শিশু হওয়ায় তাকে পরিবারের জিম্মায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গতকাল বুধবার বেলা ১১টায় মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


আটকরা হলেন- বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী গ্রামের শামসুল হকের ছেলে ওলিয়ার শেখ (৩৭) এবং ওলিয়ার শেখের ছেলে আমান শেখ (৫)। বিজিবি জানিয়েছে, গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে খোসালপুর বিওপির নায়েক দীনবন্ধু রায়ের নেতৃত্বে সীমান্ত পিলার-৬০/১০৫ এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় ৫ লাখ ৪ হাজার ভারতীয় জাল রুপিসহ ওলিয়ার শেখ নামে এক বাংলাদেশিকে আটক করা হয়। এসময় ওলিয়ার শেখের ৫ বছর বয়সী শিশু সন্তান তার সঙ্গে ছিলেন। পরে দুজনকেই মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।


বিজিবি জানিয়েছে, ২০১৪ সাল থেকে ওলিয়ার শেখ ভারতের বিহারে বসবাস শুরু করেন। সেখানে তিনি দর্জির কাজ করতেন। ২০১৭ সালে বিহারের আরাবিয়া থানার এক নারীকে বিয়ে করেন ওলিয়ার। বিয়ে করার পর ২০২২ সালে বাগেরহাট সদর উপজেলার মারুফ নামে এক ব্যক্তির কাছ থেকে নিয়মিত ভারতীয় জাল রুপি সংগ্রহ করতেন ওলিয়ার। ওই জাল রুপি তিনি ভারতে বসবাসকালে নিয়মিত ব্যবহার করতেন।


মঙ্গলবার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় প্রবেশ করে ৬০ হাজার টাকার বিনিময়ে মারুফের কাছ থেকে ৫ লাখ ৪ হাজার ভারতীয় জাল রুপি সংগ্রহ করেন ওলিয়ার শেখ। ওই রুপি নিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিনি বিজিবির হাতে আটক হন। এসময় ওলিয়ার শেখের সঙ্গে তার শিশু সন্তান ছিলেন।


মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদুর রহমান বলেন, ভারতীয় জাল রুপিসহ আটক ওলিয়ার শেখের নামে মামলা দায়েরের মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে। আটক ওলিয়ার শেখের সঙ্গে থাকা তার শিশু সন্তান আমানকে মানবিক দিক বিবেচনায় পরিবারের জিম্মায় দেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত