রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
মহেশপুরে কাঠ পুড়িয়ে ইট তৈরির অভিযোগে অভিযান

ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২৫ ইং
ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা

ঝিনাইদহের মহেশপুরে কাঠ ব্যবহার করে ইট তৈরির দায়ে ‘ভাই ভাই ব্রিকস’ নামে একটি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। অভিযানে ভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার সলেমানপুর এলাকার ওই ইটভাটায় এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর ও মহেশপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।


অভিযানে নেতৃত্ব দেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার। এসময় পরিবেশ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আশরাফ আলীসহ মহেশপুর থানার পুলিশ ও বিজিবি’র একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ইটভাটায় কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ আইন লঙ্ঘনের দায়ে ‘ভাই ভাই ব্রিকস’ ইটভাটার মালিক মো. সুলতানের বিরুদ্ধে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ভবিষ্যতে আর ভাটা পরিচালনা করা হবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।


এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান বলেন, ‘পরিবেশ দূষণকারী ও আইন লঙ্ঘনকারী ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় কোন ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।’ স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ওই ইটভাটার কারণে এলাকায় ধোঁয়া ও ধূলিকণার ব্যাপক সমস্যা দেখা দিচ্ছিল। ফলে আশপাশের পরিবেশ ও কৃষিজমির ক্ষতি হচ্ছিল। প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন তারা।


তবে ভাটা মালিক সুলতান অভিযোগ করেন, প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করার জন্য প্রতি বছর তারা তিন লাখ টাকা করে দিয়ে আসছেন। এরমধ্যে দুই লাখ টাকা মালিক সমিতির মাধ্যমে ও এক লাখ টাকা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা  নিয়ে থাকেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত