জীবননগর শহরে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান
- আপলোড তারিখঃ
২৭-১১-২০২১
ইং
জীবননগরে বিজিবি অভিযান চালিয়ে ১১ কেজি ৯৯৯ গ্রাম ভারতীয় রুপার অলঙ্কারসহ জাহাঙ্গীর আলম নামের এক পাচারকারীকে আটক করেছে। গতকাল শনিবার সকালে জীবননগর পৌর শহরের ইসলামী ব্যাংকের সামনের পাকা রাস্তার ওপর হতে তাঁকে আটক করে। আটককৃত জাহাঙ্গীর আলম (৪৩) জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের আশকার আলীর ছেলে। শনিবার বিকেলে মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্ত জীবননগর বিওপি’র হাবিলদার আমিরুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যবিশিষ্ট টহল দল গতকাল শনিবার সকাল ৮টা ৫০ মিনিটের সময় জীবননগরের ইসলামী ব্যাংকের সামনে পাকা রাস্তার ওপরে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন এক ব্যক্তি ১৫০ সিসি পালসার মোটরসাইকেলযোগে কৌশলে পালানোর চেষ্টাকালে তাঁকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির মোটরসাইকেলের পিছনে বামপাশের হুকের সাথে বাধা অবস্থায় থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ১১ কেজি ৯৯৯ গ্রাম ভারতীয় রুপার অলঙ্কার উদ্ধারপূর্বক মোটরসাইকেলসহ জব্দ করা হয়। এ ঘটনায় একই গ্রামের বাবলু মিয়ার ছেলে শাহীন আলম (২২) এবং গোলাম রসুলের ছেলে জহুরুল ইসলামকে (১৯) পলাতক দেখিয়ে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামিকে জীবননগর থানায় সোপর্দ ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কমেন্ট বক্স