চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভায় ডিসি
- আপলোড তারিখঃ
০৪-১১-২০২১
ইং
চুয়াডাঙ্গায় ২০২১ সালের এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্বেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, করোনা মহামারি এখনও শেষ হয়ে যায়নি। সে বিষয়টিকে মাথায় রেখে আমাদের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা পরিচালনা করতে হবে। ছেলে মেয়েরা দীর্ঘদিন লেখাপড়ার বাইরে ছিল। সে কারণে তারা অনেকটা পিছিয়ে পড়েছে। তাই অনেকের মধ্যেই নকলের প্রবণতা থাকবে। নকলের বিষয়টা আমাদের মাথায় রেখে সতর্কতার সাথে কাজ করতে হবে।
সভায় প্রশ্নপত্র ফাঁসের বিষয় উঠলে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, কোনো ভাবেই যেন প্রশ্নপত্র ফাঁস না হয়। জ্বর, ঠান্ডা-কাশি নিয়ে যারা পরীক্ষার হলে আসবে তাদের জন্য আলাদা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটা সিটে একজন করে পরীক্ষার্থী বসবে। পরীক্ষাকেন্দ্রে থাকবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজর এবং সার্বক্ষণিক চিকিৎসা সেবা।
চুয়াডাঙ্গাতে আাগামী ১৪ নভেম্বর-২০২১ এসএসসি পরীক্ষা শুরু হবে। শেষ হবে ২৩ নভেম্বরের মধ্যে। চুয়াডাঙ্গা জেলায় এবারের এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় মোট ১৪ হাজার ৫শ’ ৪৫ পরীক্ষার্থী অংশগ্রহন করবে। যার মধ্যে এসএসসি-১১ হাজার ২শ’ ৭৩ জন, দাখিল- ১ হাজার ২শ’ ৭৯ জন এবং ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল ১ হাজার ৯শ’ ৯৩ জন পরীক্ষার্থী রয়েছে।
প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরাফাত রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুর, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম, ডা. আওলিয়ার রহমান প্রমুখ।
কমেন্ট বক্স