শিক্ষার্থীদের দিয়ে টয়লেট পরিস্কার, ক্ষোভ!
- আপলোড তারিখঃ
০১-১১-২০২১
ইং
চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে জোর করে বিদ্যালয়ের টয়লেট পরিস্কার করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, ছাত্র-ছাত্রীদের নানা ধরনের ভয়-ভীতি দেখিয়ে জোর করে তাদের দিয়ে নানা কৌশলে এ সমস্ত কাজ করাতেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সন্যাসী কুমার পালসহ অন্য শিক্ষকেরা। গতকাল রোববার সকালে গড়াইটুপি বাজারের শ্রী বাদল কুমার তাঁর ব্যক্তিগত কাজে বিদ্যালয়ে গিয়ে দেখেন ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী তাঁর নাতনীকে দিয়ে স্কুলের টয়লেট পরিস্কার করাচ্ছেন একজন শিক্ষিকা। পরে বিষয়টি অন্য অভিভাবকদের জানালে সবাই একত্রিত হয়ে নানা ধরনের ক্ষোভ প্রকাশ করেন।
নাম প্রকাশ না করার শর্তে তৃতীয় শ্রেণির একজন ছাত্রী জানায়, ‘প্রতিদিন আমাদের দিয়ে জোর করে টয়লেটসহ বিদ্যালয়ের বিভিন্ন জায়গা পরিস্কার করায়। যদি সেটা না করি, তাহলে চোখ গরম করে মারতে যায় শিক্ষকরা।’ গড়াইটুপি শিব মন্দির পাড়ার কয়েকজন অভিভাবক বলেন, ‘আমাদের বাঁচ্চাদের দিয়ে এসমস্ত কাজ করালে আগামীতে ওই স্কুলে হয়তো আর বাঁচ্চাদের পড়তে নাও দিতে পারি।’
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সন্যাসী কুমার পাল বলেন, ‘বিদ্যালয়ে যেহেতু পরিচ্ছন্নতা কর্মী নেই, সেহেতু নীতিমালা অনুযায়ী শিক্ষক ও শিক্ষার্থী সমন্বয় করে বিদ্যালয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা করা হয়। তবে টয়লেট পরিস্কার করানোটা ভুল হয়েছে।’
এ বিষয়ে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শফিকুর রহমান রাজু মাস্টার বলেন, ‘বিষয়টি আমি শোনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সতর্ক করেছি, যাতে করে সামনের দিনে এমন ভুল না হয়। তবে এভাবে শিক্ষার্থীদের দিয়ে জোর করে টয়লেট ও বিদ্যালয়ের আঙিনা পরিস্কার করানো অবশ্যই একটা বড় ভুল। বিষয়টি যেন আর কোনো দিন না ঘটে, সে ব্যাপারে আমি নিজে কাজ করব।’
কমেন্ট বক্স