এতিমের টাকা যিনি মেরে খান তার জন্য কিসের আন্দোলন : প্রধানমন্ত্রী
- আপলোড তারিখঃ
৩০-০৩-২০১৮
ইং
সমীকরণ ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে এতিমদের জন্য বিদেশ থেকে টাকা আনা হয়। এর একটি টাকাও এতিমদের দেয়া হয়নি। নিজেরা মেরে খেয়েছে। তত্ত্বাবধায়ক সরকার এই অর্থ আত্মসাতের মামলা দেয়। মামলায় আদালত সাজা দিয়েছে। এখন আন্দোলনের হুমকি দিচ্ছে। যে এতিমের টাকা চুরি করে তার জন্য কিসের আন্দোলন? বিএনপি নেত্রীকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী আরো বলেন, তারা তো দুর্নীতি ও লুটপাটেই ব্যস্ত। ৯৮০ কোটি টাকা তার ছেলেরা ব্যাংক থেকে লুট করে নিয়ে গেছে। এর এক টাকাও ফেরত দেয়নি। গতকাল বৃহস্পতিবার অপরাহ্নে ঠাকুরগাঁও জেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জনসভার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ে ৩০ প্রকল্পের উদ্বোধন এবং ৩৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। পরে মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী মোনাজাতে অংশগ্রহণ করেন। কষ্টার্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে নৌকায় ভোট দেয়ার দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য নৌকায় ভোট দিন, আমরা সোনার বাংলা উপহার দেবো। এ সময় তিনি বলেন, আপনারা ওয়াদা করেন, হাত তুলে ওয়াদা করেন নৌকা মার্কায় ভোট দেবেন। তখন উপস্থিত লাখো জনতা হাত তুলে স্লোগান দিয়ে নৌকায় দেয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।
কমেন্ট বক্স