রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা ক্লিনিক মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সভাপতি রফি উদ্দীন, সম্পাদক সাইদুর রহমান
  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০২৬ ইং
চুয়াডাঙ্গা জেলা ক্লিনিক মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

চুয়াডাঙ্গা জেলা ক্লিনিক মালিক সমিতির ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মো. রফি উদ্দীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা শহরের ইম্পেক্ট হাসপাতালের অডিটোরিয়াম কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। চুয়াডাঙ্গা জেলা ক্লিনিক মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা উপস্থিত ছিলেন।


কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি ডা. মো. রফি উদ্দীন। সভায় জেলার বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার পরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।


নবগঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. তরিকুল আলম, ডা. নুরুন্নাহার, আনিচুর রহমান, আজগর আলী, আনোয়ার হোসেন, আবুল কাশেম ও মো. টিপু। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জান্নাতুল ফেরদৌস, জালাল উদ্দীন, মো. শাওন, মামুন রেজা ও জাহিদুল ইসলাম।


এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মোমিন খান, প্রচার সম্পাদক ইয়াকুব আলী, অর্থবিষয়ক সম্পাদক শাহজাহান আলী এবং দপ্তর সম্পাদক হিসেবে হুমায়ুন কবির লাল্টুকে দায়িত্ব দেওয়া হয়েছে।


কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন হাসিবুল হক, মো. ইসমাইল, সেলিম রেজা, ডা. ওয়াহিদ মাহমুদ দিনার, মানুন অর-রশীদ ও আবুল খালেক। এ ছাড়া আরও সদস্য নিয়ে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু বলেন, চুয়াডাঙ্গার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাধারণ মানুষ যাতে নিজ জেলায় সহজে, নিরাপদে ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সে বিষয়ে ক্লিনিক মালিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


তিনি আরও বলেন, নবগঠিত কমিটি শুধু ব্যবসায়িক স্বার্থ রক্ষায় সীমাবদ্ধ না থেকে রোগীদের স্বার্থ, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং স্বাস্থ্যখাতের শৃঙ্খলা বজায় রাখতেও কার্যকর ভূমিকা রাখবেÑএটাই প্রত্যাশা। স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত প্রতিষ্ঠান হিসেবে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর দায়িত্বও অনেক বেশি।


শফিকুল ইসলাম পিটু আরও বলেন, রোগীদের সঙ্গে ভালো আচরণ, সেবার ক্ষেত্রে স্বচ্ছতা, চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সরকারি স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর আস্থা অর্জনের জন্য চিকিৎসাসেবার পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনাতেও গুরুত্ব দিতে হবে।


তিনি আরও বলেন, জেলার ক্লিনিক মালিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে চুয়াডাঙ্গার স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব ও আধুনিক করা সম্ভব। মানুষের কল্যাণে যে কোনো ভালো উদ্যোগের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাসও দেন তিনি।


তিনি বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সবাই যদি নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাহলে সাধারণ মানুষ নিজ জেলাতেই আরও ভালো ও উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চুয়াডাঙ্গার স্বাস্থ্যসেবাকে আরও উন্নত এবং মানুষের আস্থার জায়গায় নিয়ে যেতে হবে।



কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক