দেড় হাজার নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে
- আপলোড তারিখঃ
২৭-০৩-২০১৮
ইং
সমীকরণ ডেস্ক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিনের জনবল সংকট অবশেষে কেটে যাচ্ছে। সৃষ্টি করা হচ্ছে নতুন পদ। এতে ক্লাস রুমে বিষয়ভিত্তিক শিক্ষক সংকটও দূর হবে। অন্তত সোয়া লাখ শিক্ষক-কর্মচারীর নতুন পদ সৃষ্টি করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ উদ্যোগ নিয়েছে। আসছে বাজেটে নতুন করে প্রায় দেড় হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে দেশের শিক্ষা ব্যবস্থার ৯৮ ভাগ নিয়ন্ত্রণকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোয় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করছেন শিক্ষা-সংশ্নিষ্টরা। নতুন এমপিওভুক্তির জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮' চূড়ান্ত করা হয়েছে। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) জাবেদ আহমেদ বলেন, ২০১২ সাল থেকে নতুন শিক্ষাক্রমের আলোকে আইসিটিসহ বেশকিছু নতুন বিষয় চালু হয়েছে। অথচ এমপিওভুক্তির জনবল কাঠামোয় ওইসব বিষয়ের শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি। এতে শিক্ষক সংকটের কারণে দেশব্যাপী মানসম্মত পাঠদান বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে জনবল কাঠামো সংশোধন করা হচ্ছে। শিক্ষক সংকটের কারণে বর্তমানে এক বিষয়ের শিক্ষক অন্য বিষয়ও পড়াচ্ছেন। এতে শিক্ষার্থীরা গুণগত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এসব বিষয় বিবেচনা করে নতুন জনবল কাঠামো তৈরি করা হয়েছে। তিনি জানান, শিগগির নতুন জনবল কাঠামো জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হবে। তিনি আরও বলেন, বর্তমানে বেসরকারি শিক্ষকদের চাকরিতে প্রবেশের নির্দিষ্ট কোনো বয়স নেই। বয়সের বিষয়টি নির্ধারণ করা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান জনবল কাঠামো অনুযায়ী, নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে বাংলা, ইংরেজি ও সামাজিক বিজ্ঞান বিষয়ে একটি করে পদ রয়েছে। নতুন জনবল কাঠামোতে এ তিনটি পদ ছাড়াও কৃষি, গার্হস্থ্য, গণিত, ভৌত বিজ্ঞান, ধর্ম, শারীরিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চারু ও কারুকলার নতুন পদ সৃষ্টি হবে। কম্পিউটার ল্যাব থাকলে একজন ল্যাব অপারেটর নিয়োগ দেওয়া যাবে। এ ছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কর্মী, নৈশপ্রহরী ও আয়াসহ (সহশিক্ষা ও বালিকা বিদ্যালয়) ১৯টি করে পদের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে নয়টি করে পদ রয়েছে। মাধ্যমিক স্কুলে বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিষয়ের তিনজন শিক্ষকের এমপিওভুক্ত পদ রয়েছে। নতুন করে সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা (বিজ্ঞান বিভাগ চালু থাকলে) বিষয়ে আলাদা দুটি পদসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, গণিত, ভৌত বিজ্ঞান, ধর্ম, শারীরিক শিক্ষা, কৃষি, গার্হস্থ্য, চারু ও কারুকলা, জীব বিজ্ঞান (বিজ্ঞান বিভাগ চালু থাকলে) শিক্ষকের পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে।
কমেন্ট বক্স