চুয়াডাঙ্গার সরোজগঞ্জে গাঁজা সেবন নিষেধ করায়
সরোজগঞ্জ প্রতিনিধি: সরোজগঞ্জ বাজারে গাঁজা সেবন নিষেধ করায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে জিসান নামে এক যুবক। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে লিটু হোসেনের ছেলে জিসান (২২) ও তার বন্ধুরা মিলে গাঁজা সেবন করছিলো। এসময় একই গ্রামের মসলেমের ছেলে হারুন (৩৫) তাদেরকে নিষেধ করলে তাদের সাথে হারুনের বাকবিতন্ডার সৃষ্টি হয়। এরই জের ধরে গতকাল বুধবার বিকালে হারুন বাড়ি থেকে সরোজগঞ্জ কালুপোল রোডে মালিতা মার্কেটে আসে। এসময় ওঁৎ পেতে থাকা জিসান হারুনকে প্রকাশ্য দিনের বেলায় দেশিও অস্ত্র ডাশা দিয়ে এলোপাতাড়িভাবে কুপাতে থাকে।

পরে গুরুতর জখম অবস্থায় স্থানীয় লোকজন হারুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায় এবং জিসানকে আটকে রাখে। সরোজগঞ্জ ক্যাম্পের খবর দিলে ক্যাম্প পুলিশ এএসআই সাকের আলী ও সঙ্গীয় র্ফোস নিয়ে ঘটনাস্থলে জনতার হাত থেকে জিসানকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।