চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক: বর্ণিল আয়োজনে উদযাপন করা হলো চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী। গতকাল ১৪ মার্চ বুধবার প্রতিষ্ঠার ৬ বছর উপলক্ষ্যে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ও শিক্ষকদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল। সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা জাতীয় সঙ্গীতের তালে তালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর আবদুল মোত্তালিব ও রেজিস্ট্রার প্রফেসর ইমরোজ মুহাম্মদ শোয়েব উত্তোলন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোয়ার্দ্দার, প্রশাসনিক কর্মকর্তা মফিজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মহবুব আলম ও প্রত্যেক বিভাগীয প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলনের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণের সমন্বয়ে সাদা রংয়ের টিশার্ট পরে হাতে নানা রঙের আবির নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা/র্যালী বের হয়ে শহরের উল্লেখযোগ্য সড়কসমূহ প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ৩৫ পাউন্ডের বিশাল কেক কাটা হয়। এ সময় শিক্ষার্থীরা একে অপরকে আবিরের রঙ মাখানোর উৎসব উল্লাসে মেতে ওঠে।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন- এমপি’র প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন করে শিক্ষার্থীরা `উচ্চ শিক্ষার আলোকে দেশ ও জাতিকে গড়ে তোল` এই মর্মে মুর্হুমুহু প্রতিধ্বনিতে মুখরিত করে তোলে। দেশের দক্ষিণ-পশ্চিমঞ্চলের দরিদ্র সমাজের উচ্চ শিক্ষার চিন্তা নিয়েই মাননীয় হুইপের আশা পরিপূর্ণ হোক-এই আশাবাদ ব্যাক্ত করেন ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর আবদুল মোত্তালিব ও রেজিস্ট্রার।