জীবননগরের ১২০ হেক্টর কৃষি জমি এখন তামাকের দখলে
- আপলোড তারিখঃ
১৫-০৩-২০১৮
ইং
জাহিদ বাবু/ মিঠুন মাহমুদ: জীবননগরে বিস্তীর্ন জমিতে কয়েক বছর আগেও যে জমিতে ধান, পাট, ভুট্টাসহ অনান্য ফসল চাষ হতো সেখানে এখন চাষ করা হচ্ছে মারাত্বক ক্ষতিকর তামাক। চারদিকে তাকালেই দেখা যায় শুধু তামাক আর তামাক। বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তাদের এ চাষ করানো হচ্ছে বলে জানিয়েছেন কয়েকজন কৃষক।
আকিজ টোব্যাকো, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোসহ বিভিন্ন টোব্যাকো কোম্পানির কাছে কৃষকরা হেরে যাচ্ছেন প্রতিনিয়িত। অর্থের লোভ দেখিয়ে তাদের এ চাষ করানো হচ্ছে বলে জানিয়েছেন কয়েকজন কৃষক। কৃষকরা জানান, এককালীন টাকা পাওয়ার কারণে তারা এ চাষ করছে ফলে দিন দিন আশঙ্কাজনক হারে বেড়েছে তামাক চাষ। অধিক লাভের প্রলোভন দেখিয়ে তাদের ধানসহ অন্যান্য ফসল উৎপাদন থেকে দুরে ঠেলে করানো হচ্ছে তামাক চাষ। এসব এলাকার কৃষকরা তামাক চাষের নিয়ম কানুন না থাকার কারণে বেপরোয়াভাবে তামাক পাতা নাড়াচাড়া করার কারণে নানা রকম স্বাস্থ্যঝুকিতে পড়ছে। তামাক পাতা উত্তলনের সময় দুই হাতে হ্যান্ড গ্লাভস, মুখে মাস্ক থাকা আবশ্যক। কিন্তু এসব এলাকার কৃষকরা তার কোনটিই ব্যবহার করছে না। শুধু কৃষকরাই নয়, এসব এলাকায় শিশুরাও এ কাজের সঙ্গে জড়িয়ে পড়ছে। এ তামাক পাতাগুলো বাড়ির আঙ্গিনা, উঠানে শুকানো ও সংরক্ষন করা হচ্ছে বসতঘরের ভিতরে। অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারনে পরিবেশের ভারসাম্য, স্বাস্থ্যঝুকি বিশেষ করে শ্বাসকষ্টের রোগীদের নানা সমস্যাসহ গবাদিপশুর মৃত্যুর হার বেড়ে যাচ্ছে ওই এলাকায়।
গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর, হরিহরনগর, মেদিনীপুর, গোয়ালপাড়া, হাবিবপুর বাঁকা ইউনিয়নের বাঁকা, সুটিয়া, পাথিলা গ্রামে সাধারন কৃষকরা তামাক কোম্পানীর কাছ থেকে দাদন নিয়ে তামাক চাষ করছেন। ইতোমধ্যে সকল প্রকার আবাদি ফসল চাষ কমিয়ে দিয়ে তামাক রোপনের কাজে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে শিশু মহিলাসহ পরিবারের সব সদস্য। উপজেলার তামাক চাষিদের সাথে কথা বললে তারা জানান, প্রতি বিঘায় ৮ থেকে ৯ মন তামাক উৎপাদন হয়। এসব তামাক ৮০ থেকে ১শ টাকা পর্যন্ত বিক্রি হয়। তামাক গুলো আকিজ টোব্যাকো ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির কাছে বিক্রি করা হয়। এতে করে চাষীরা এককালীনভাবে তামাকের টাকাগুলো পাচ্ছে। অন্যান্য ফসল চাষ করে তারা এভাবে এককালীন টাকা পেত না। উপজেলার বেনীপুর গ্রামে যাওয়ার সময় চোখে পড়ে একজন মহিলা হ্যান্ডগ্লভস এবং মাস্ক ছাড়া তামাক পাতা শুকাচ্ছে তাকে এ বিষয়ে বলার পর তিনি জানান, আমরা আসলে গ্রামে থাকি। গ্রামের মানুষ আমরা অত কিছু বুঝি না। তবে খালি মুখে তামাক নাড়াচাড়া করলে আমাদের মাঝে মধ্যে মাথা ব্যাথা করে, মাঝে মধ্যে বমি বমি ভাব হয়।
এ বিষয়ে জীবননগর উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার সালমা জাহান নিপা জানান, উপজেলায় প্রায় ১২০ হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে। আমরা কৃষকদের নিরুৎসাহী করি কিন্তু তারা নগদ টাকার লোভে তামাক চাষ করে।
এ বিষয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম জানান, তামাক চাষের ফলে নিঃশ্বাসের মাধ্যমে তামাকের ঘ্রাণ ফুসফুসে গিয়ে ক্যান্সার হওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়াও জমির উর্বরতাও অনেক ক্ষতি হয়। সরকারিভাবে তামাক চাষ বন্ধ না থাকায় আমরা কার্যত কোন পদক্ষেপ নিতে পারি না।
কমেন্ট বক্স