গ্রাম-গঞ্জে নয়; শহরেই এখন দুধের হাট!
- আপলোড তারিখঃ
০৮-০৩-২০১৮
ইং
চুয়াডাঙ্গা কালেক্টরেটে দুধের হাট উদ্বোধন করলেন জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক: ব্যতীক্রম আয়োজনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে দুধের হাট বসানো হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টায় আনুষ্ঠানিক ভাবে গবাদি প্রাণীর দুধের হাটের উদ্বোধন করেন মূল উদ্যোক্তা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এখন থেকে নিয়মিত ওই স্থানে দুধের হাট বসবে। দুধের জন্য আর গ্রাম-গঞ্জে যেতে হবে না; শহরেই এখন মিলবে প্রয়োজনীয় দুধ। গবাদি প্রাণির দুধের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ও একটি নির্দিষ্ট স্থানে স্বাস্থ্যকর ভেজালমুক্ত দুধ পেতে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সরাসরি খামারী ও চাষী পর্যায়ের বিক্রেতা কর্তৃক দুধ সরবরাহ করছে। উদ্বোধনীর পর মুহূর্তের মধ্যে ২০-২৫ কেজি গরুর দুধ বিক্রি হয়ে যায়। এতে বিক্রেতারা হাটে দুধ বিক্রির ব্যাপারা অনেকটা আশাবাদী যে স্বল্প সময়ে ন্যায্যমূল্যে তারা দুধ বিক্রি করতে পারবে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ব্যবস্থাপনায় এখন থেকে প্রতিদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ওই স্থানে প্রতিকেজি ৬০ টাকা দরে গরুর দুধসহ মহিষ ও ছাগলের দুধও বিক্রয় হবে। জেলার খামারী ও চাষীদের দেওয়া দুধ পরীক্ষা শেষে ভোক্তাদের কাছে বিক্রয় করা হবে। খামারীদের দেওয়া দুধে কোনপ্রকার ভেজাল থাকলে তা বিক্রয় করা হবে না বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এ.এইচ.এ.এম শামীমুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ভোক্তা ও ক্রেতা সাধারণ।
কমেন্ট বক্স