বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি, নইলে পরে ক্ষ্যাপারে তুই মূল হারাবি’

  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০১৮ ইং
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি, নইলে পরে ক্ষ্যাপারে তুই মূল হারাবি’
বর্নিল সাজে সেজেছে সরিষাডাঙ্গার বিশু শাহ্ মাজারসহ মেলা প্রাঙ্গণ : কাল উদ্বোধন অঙ্কন মল্লিক: সমগ্র বাংলাদেশকেই বলা যায় বৃহৎ এক মেলার দেশ। দেশের এমন কোনো জনপদ খুঁজে পাওয়া যাবে না, যেখানে বছরের কোনো না কোনো সময়ে মেলা বসে না। বাঙ্গালীর অসাম্প্রদায়িক চেতনাকে খুঁজে পাওয়ার সব থেকে সহজ মাধ্যম হল গ্রামবাংলার বিভিন্ন লোকজ মেলা। বাউল মেলা সামাজিক-সাংস্কৃতিক রূপের অনুসন্ধান আর এটাই বাউল ধর্মদর্শনের প্রধান উৎসব। বাউলদের বিচিত্র জীবন দর্শন আর বাউলভক্তদের মিলনমেলা দেখার আগ্রহ নিয়ে মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের এ বাউল মেলায় ছুটে আসেন অনেকেই। চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের আধ্যত্মিক সাধক বিশু শাহ্ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবারের মতো এবারও বার্ষিক ওরশ মোবারক ও বাউল মেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল বিশু শাহ্ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩দিন ব্যাপি এ বাউল মেলায় বিশু শাহ মাজার কমিটির সভাপতি আব্দুস সালাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে আগামীকাল সন্ধ্যায় উপস্থিত অতিথিরা এ মেলার উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিক ও সঙ্গীতানুষ্ঠান পর্ব উপস্থাপনা করবেন প্রয়াত বাউল শিল্পী লাড্ডুর ভাতিজা সাংবাদিক অনিক সাইফুল। বিশু শাহ্ মাজার কমিটির সভাপতি আব্দুস সালাম জোর্য়াদ্দার ও এ বাউল মেলার সার্বিক দায়িত্বে থাকা মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোর্য়াদ্দারের সাথে কথা বলে জানা গেছে, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি, নইলে পরে ক্ষ্যাপারে তুই মূল হারাবি’ এই বিখ্যাত উক্তিকে সামনে রেখে ৩দিন ব্যাপী চলবে এই ওরশ মোবারক ও বাউল মেলা। ইতিমধ্যে বাউল মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশু শাহ্ মাজারের খাদেম জয়নাল জোর্য়াদ্দারের কাছে জানতে চাইলে তিনি জানান, এবার বাবা বিশু শাহ্ এর ৮৪তম ওফাদ দিবস। আর প্রত্যেক বছর এই দিনে আধ্যত্মিক সাধককে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। গতকাল শুক্রবার সন্ধ্যায় মোমিনপুর ইউনিয়নে প্রবেশ করেই মনে হলো মেলা উপলক্ষে পুরো ইউনিয়ন জুড়ে যেন ভিন্ন আমেজ বিদ্যমান। মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ি পেরুতেই সরিষাডাঙ্গা বাউল মেলার প্রধান গেট। প্রথমে একটু অবাক-ই হলাম, এতো সুন্দর আলোকসজ্জা। আরেকটু এগুতোই চোখে পড়লো বাহারি রঙের আলোকসজ্জাগুলো। বাউল মেলার মঞ্চসহ আশপাশ এলাকায় হরেকরকম আলোকসজ্জা সত্যিই দেখার মতো, যে কাউকেই আকৃষ্ট করবে। সত্যিই প্রশংসার দাবিদার এ বাউল মেলার আয়োজক কমিটিতে থাকা মানুষগুলো। মেলার মূল আকর্ষণ বাউল গানের আসর শুরু হচ্ছে আগামীকাল। সাইজি’র অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে বাউল ভক্তরা এসেছেন/আসছেন। কেউবা এসেছেন পরিবার পরিজন নিয়ে। বিশু শাহ্ এর মাজারকে ঘিরে গড়ে ওঠা বেশ কয়েকটি ঘরেই এই ৩দিন হবে তাদের আবাসস্থল। ওরশ মোবারক চলাকালীন এখানেই তারা অবস্থান করবেন। প্রতিবেলা সবার জন্যই রান্নার আয়োজন হয়। এ জন্য খাবার নিয়ে তাদের কোনো চিন্তা নেই। বাউল ভক্ত নারী-পুরুষ ও অতিথিসহ সবাই একসঙ্গে বসে সেবা (খাবার) গ্রহণ করেন। এদিকে, বিশু শাহ্ এর মাজার প্রাঙ্গণ ঘুরে দেখা গেল ভক্তদের কেউ কেউ রান্নার আয়োজনে ব্যস্ত। বাউল সাধকরা নিজেদের সেবায়ক পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন বলেও তাদের সাথে কথা বলে জানা গেলো। মেলার উদ্দেশ্য নিয়ে মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের কাছে জানতে চাইলে তিনি হাসিমুখেই জানালেন, মানুষের চেতনায় মানবতাবোধ জাগ্রত করাই এই বাউল মেলার মূল লক্ষ্য। সঙ্গে যোগ করলেন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য এই মেলা উন্মুক্ত। এছাড়াও এই বাউল মেলার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল এখানে আগত ভক্তবৃন্দ কোনো প্রকারের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন না। এদিকে, আগামীকালের অনুষ্ঠানকে ঘিরে জমে উঠেছে বিশাল মেলা। মেলায় বসেছে কুটির শিল্প, মৃৎশিল্প, কাঠ-বাঁশ ও মাটির তৈরি কুটির শিল্পসামগ্রী, মিষ্টির দোকানসহ নানা রকমারি পণ্যেরও দোকান। মেলায় আগত এক বাউল বলেন, এখানে সব ধর্মের মানুষের মধ্যে ভালবাসা সৃষ্টি ও ধরণীর মঙ্গলার্থে প্রার্থনা করা হয়। আমরা গানের মাধ্যমে সেই বার্তায় সকলের মধ্যে পৌঁছে দিচ্ছি। সরিষাডাঙ্গা বাউল মেলার কদমা, মুরুলি, নিমকী, তীলের খাজা ও খেজুরের গুড়ের সন্দেশের ঘ্রাণ এখনি যেন নাকে লাগছে। বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত ও কলকাতা থেকে ভক্তরা এখানে আসেন। এ মেলার ইউতহাস সম্পর্কে যতোদূর জানা গেছে, বিশু শাহ্ ছিলেন আলমডাঙ্গা উপজেলার জাঁহাপুর গ্রামের মরহুম আরজান বিশ্বাসের ছেলে। জেলা সদরের কুতুবপুর ইউনিয়নের দত্তাইল গ্রামের মরহুম একিম শাহ্ এর শিষ্য ছিলেন তিনি। এরপর প্রায় ৪০ বছর তিনি সরিষাডাঙ্গায় অবস্থান করেছিলেন এবং নিজের আস্তানাও গড়ে তোলেন। বাংলা সাল অনুযায়ী তিনি ২০ ফাল্গুন ১৩৪৬ সালে ১০৫ বছর বয়সে গুরু একিম শাহ্ এর আস্তানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশু শাহ্ তার ভক্তদের কাছ থেকে জানা গেছে, তিনি মৃত্যুর আগে থেকেই বলে গিয়েছিলেন তার মৃত্যুর পর যেন সরিষাডাঙ্গায় তার দাফন সম্পন্ন করা হয়। তার কথা মতোই তার ভক্তরা তার অন্তিম ইচ্ছা পূরণ করেন। তারই ধারাবাহিকতায় তার মৃত্যুর দিনে আজকের এই বিশু শাহ্ এর মাজার ও বাৎসরিক ওরশ মোবারক। এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, ওরশ মোবারকের পাশাপাশি বাউল মেলা ব্যাপক পরিসরে ও বাইরে থেকে বড় বড় শিল্পী এনে বাউল গানের আসর করার পরিকল্পনা আসে সরিষাডাঙ্গা গ্রামের খন্দকার আশরাফ, বাবলু আহমেদ, হাসেম আলি সর্দার, খালেক শাহ, রমজান, মাজিদসহ সেই সময়ের উঠতি বয়সী কিছু যুবকের। তারা সেই সময়ের ছাত্রনেতা, বর্তমান মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক জোর্য়াদ্দারের সাথে পরামর্শ করেন। পরবর্তীতে চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার- সালাম জোর্য়াদ্দার- শহিদ পাগলসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গরা ওই যুবকদের সাথে নিয়ে এলাকারবাসীর মতামতের ভিত্তিতে বড় পরিসরে প্রথম ওরশের পাশাপাশি বাউল মেলার আয়োজন করেন। সেই থেকে আজ অবধি বাউল মেলার সার্বিক পরিচালনা করে আসছেন ফারুক চেয়ারম্যান। এবার মেলায় এপার বাংলা ও ওপার বাংলার লালন শিল্পীরাসহ অঞ্জলী ঘোষ, আলামিন দেওয়ান, ও স্বপন বৈরাগী এবং ভারতের বাণিজ্য মেলা মাতানো শিল্পীগোষ্ঠী, কুষ্টিয়া লালন শাহ্ একাডেমীর শিল্পীবৃন্দ, বাঁশির যাদুকর খ্যাত বংশী বাদক খোকন শাহ, দেশ-বিদেশ মাতানো শিল্পী অর্জুন, চ্যানেল নাইনের পাওয়ার ভয়েজ তারকা জসিমসহ বিশুশাহ্ বাউল একাডেমীর শিল্পীসহ দেশবরেণ্য বাউল শিল্পীরা বিশুশাহ্ মুক্তমঞ্চে লালনের রেখে যাওয়া বিখ্যাত গান পরিবেশন করে বাউল প্রেমীদের মন মাতাবেন। রয়েল কম্পিউটারের স্বত্বাধিকারী রানা আহমেদ ও খালেক শাহ্রে তত্ত্বাবধায়নে দেশ-বিদেশের বাউলদের গানে ও পূর্ণার্থীদের ভিড়ে মুখরিত হবে ঐতিহ্যবাহী বিশু শাহ্ এর ৮৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক ও বাউল মেলা। অনুষ্ঠিতব্য বাউল সম্প্রদায়ের এ মেলায় প্রতিবারের মতো এবারও যোগ দিবেন ভারত ও বাংলাদেশের স্বনামধন্য শিল্পী ও বাউলরা।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ