অ্যাকাউন্ট হালনাগাদের কথা বলে প্রায় অর্ধলক্ষ হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র
- আপলোড তারিখঃ
১৯-০১-২০১৮
ইং
আলমডাঙ্গায় ডাচ বাংলা কাস্টমার সার্ভিসের পরিচয়ে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কলেজপাড়ার এক ব্যক্তির ডাচ্ বাংলা অনলাইন ব্যাংকিং একাউন্ট থেকে প্রায় ৪৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। ডাচ্ বাংলা ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে একটি মোবাইল নাম্বার ও কাস্টমার সার্ভিসের নাম্বার ব্যবহার করে এ টাকা হাতিয়ে নেয় চক্রটি। এ ব্যাপারে ওই ব্যক্তি থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। জানা গেছে, আলমডাঙ্গার কলেজপাড়ার চাকরিজীবী খো. মহাবুবুল করিম বেশকয়েক বছর পূর্বে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিংয়ে একাউন্ট খোলেন। তার একাউন্টে প্রায় ৪৮ হাজার টাকা ছিল। কিছুদিন আগে জনৈক ব্যক্তি নিজেকে ডাচ্ বাংলা ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে ০১৭৭৮২৯৪১৮২ নং মোবাইল ও ডাচবাংলা কাস্টমার সার্ভিস #১৬২১৬ নম্বর ব্যবহার করে তার একাউন্ট বন্ধ হয়ে গেছে বলে জানায়। ওই ব্যক্তির একাউন্ট হালনাগাদের কথা বলে বিভিন্ন অপশনের বাটন চাপতে বলে তার অ্যাকাউন্টের ৪৭ হাজার ৩শ’ ৬৯ টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্রটি। মহাবুবুল করিম জানান, এ ঘটনার পর ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ারের কর্মকর্তা জাকির হোসেন সাথে যোগাযোগ করলে তিনি কোন পদক্ষেপ না নিয়ে আইনি পরামর্শ নেবার কথা জানালে তিনি আলমডাঙ্গায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
কমেন্ট বক্স