মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

  • আপলোড তারিখঃ ২৯-০৯-২০২৬ ইং
দামুড়হুদায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

‘একসাথে, আরও শক্তিশালী জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দামুড়হুদায় বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক প্রদক্ষিণ করে পুনরায় কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জলাতঙ্ক রোগের ভয়াবহতা, প্রতিরোধের উপায় এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহিবুল্লাহ, ডা. ইয়াসিন রাহাত, শাকিব আব্দুল মমিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


বক্তারা বলেন, জলাতঙ্ক একটি অত্যন্ত প্রাণঘাতী রোগ। তবে সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, যথাযথ চিকিৎসা এবং টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ শতভাগ প্রতিরোধ করা সম্ভব। এজন্য জলাতঙ্ক সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। কুকুর, বিড়াল কিংবা অন্য কোনো প্রাণীর কামড় বা আঁচড়ের শিকার হলে বিষয়টিকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। আক্রান্ত স্থান দ্রুত সাবান ও পরিষ্কার পানি দিয়ে কমপক্ষে ১৫ মিনিট ভালোভাবে ধুয়ে প্রাথমিক চিকিৎসা নিতে হবে এবং দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় টিকা গ্রহণ করতে হবে। ক্ষতস্থানে ঝাড়ফুঁক করা, গোবর, চুন বা অন্য কোনো অপদ্রব্য লাগানো এবং চিকিৎসা নিতে দেরি করা বিপজ্জনক হতে পারে।



কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ