মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সরকারি গার্লস স্কুলে এইচপিভি টিকার সচেতনতামূলক অভিভাবক সমাবেশ

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় এইচপিভি টিকা নেয়ার ওপর গুরুত্বারোপ
  • আপলোড তারিখঃ ১৭-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গা সরকারি গার্লস স্কুলে এইচপিভি টিকার সচেতনতামূলক অভিভাবক সমাবেশ

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) টিকাদান সম্পর্কিত সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌরসভার আয়োজনে এবং ইউনিসেফের (টহরপবভ) সহযোগিতায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম।


চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সময়ে পৃথিবীর অন্য কোনো দেশে যেতে হলে ভ্যাকসিন কার্ড ছাড়া যেতে পারবে না। পড়াশোনা থেকে শুরু করে সকল বিষয়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য সরকারি প্লাটফর্মে ভ্যাকসিন দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হয়। এইটা আপনার বাচ্চার জন্য পরবর্তীতে স্বাস্থ্য সুরক্ষা কার্ড হিসেবে বিবেচিত হবে। প্রতিবছর বিশ্বের প্রায় ৬ লক্ষাধিক নারী জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হন। একটি জরিপে দেখা গেছে তার মধ্যে ৩ লাখ ৪২ হাজার জন নারী মৃত্যুবরণ করেন। এই জরায়ুমুখ ক্যান্সার রোধে একমাত্র কাজ করে এইচপিভি টিকা। বর্তমানে চুয়াডাঙ্গা জেলায় ৭৬ শতাংশ এবং পৌরসভায় ৪০ শতাংশ নারীকে এইচপিভি টিকার আওতায় আনা হয়েছে। নারীদের স্বাস্থ্য সুরক্ষায় এইচপিভি টিকা নেওয়া খুবই জরুরি।


স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার বলেন, সামান্য একটি টিকা দিতে পারলে, আমাদের তরুণ নারী শিক্ষার্থীদেরকে বাঁচাতে পারব ও সুস্থ রাখতে পারব। উন্নত বিভিন্ন মুসলিম রাষ্ট্রের নারীরা এই টিকা গ্রহণ করেছেন।। বিশ্বের প্রায় ১৪০টি দেশে এইচপিভি টিকা দেওয়া হয়।


তিনি আরও বলেন, ক্যান্সার রোধে এই টিকাটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা দেখি অধিকাংশ নারীদেরই বেশিরভাগ ব্রেস্ট ক্যান্সার, তারপর জরায়ু ক্যান্সার হয়ে থাকে। বিশ্বে ক্যান্সারের প্রথম টিকা হিসেবে তিন ডোজ এই এইচপিভি টিকা নেওয়া থাকলে ক্যান্সার রোধ করা অনেকাংশে সম্ভব। ১০ থেকে ১৪ বছর বয়সী কন্যা শিশুদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে। রেজিস্ট্রেশন করে পরবর্তীতে বিনামূল্যে এই টাকা নিতে পারবেন।


তিনি বলেন, অনেক অভিভাবকদের মাঝে ভুল ধারণা আছে যে এই টিকা নিলে বন্ধ্যাত্ব হয়। আসলে এই বিষয়টি সঠিক নয়। এই টিকাটি শতভাগ নিরাপদ এবং পরীক্ষিত। নারীদের স্বাস্থ্য সুরক্ষায় এই টিকাটি নেওয়া খুবই জরুরি। এইচপিভি টিকা গ্রহণ করলে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশেই কমে যায়। এই টিকার বিষয়ে ব্যাপক পরিমাণে জনসচেতনতা তৈরি প্রয়োজন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারহানা ওয়াহিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মণ্ডল, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম, সিভিল সার্জন কার্যালয়ের ডা. শামীমা ইয়াসমিন (এমওডিসি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ডা. খন্দকার ইমরান হাসিবসহ (এসআইএমও) বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, অভিভাবকবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।



কমেন্ট বক্স
notebook

এনসিপি নেতার বাড়ির আশপাশে আগুন দেয়ার অভিযোগ