দর্শনা অফিস ও প্রতিবেদক, হাটবোয়ালিয়া:
কৃষকদের সমস্যা চিহ্নিত করা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কৃষি খাতের সংকট নিরসনের লক্ষ্যে আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার বিকেলে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। জি.এ সাংগঠনিক থানা জামায়াতের আমির আব্বাস উদ্দিনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন থানা জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। দেশের খাদ্যনিরাপত্তা ও অর্থনীতিতে কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অথচ উৎপাদন খরচ বৃদ্ধি, সার ও বীজের সংকট, সেচব্যবস্থার সমস্যা এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পাওয়াসহ নানা সমস্যায় কৃষকরা ভুগছেন। এসব সমস্যা সমাধানে কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
তিনি সার বিতরণে ডিলার সিন্ডিকেট ভেঙে উন্মুক্ত বাজারে সার বিক্রির ব্যবস্থা করার আহ্বান জানান। একই সঙ্গে কৃষি উপকরণের সহজলভ্যতা, সেচব্যবস্থার উন্নয়ন এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আইন ও আদালতবিষয়ক সম্পাদক এবং আসন্ন আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. দারুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাইয়ুম উদ্দিন হীরক এবং আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল।
এছাড়া উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির সেলিম রেজা, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা জহুরুল ইসলাম, গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আজহারুল ইসলাম, হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহাজান আলী, ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. ইমরান হোসাইন, হারদী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আসাদুজ্জামান, বাড়াদী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মিনারুল ইসলাম, গাংনী ইউনিয়ন জামায়াতের আমির হাজী আব্দুস সালাম, খাদিমপুর ইউনিয়ন জামায়াতের আমির মোস্তাফিজুর রহমান, চিৎলা ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ নিজাম উদ্দিন এবং চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালেকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
মতবিনিময় পর্বে স্থানীয় কৃষকরা সার ও বীজের সংকট, কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি, সেচব্যবস্থা, উৎপাদন খরচ এবং ফসলের ন্যায্যমূল্য না পাওয়াসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন বক্তারা। সমাবেশে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক কৃষক, জামায়াতের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে, সার সংকট, সার ডিলার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণ এবং দফায় দফায় কৃষি উপকরণ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী দামুড়হুদা উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন। সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির মো. নায়েব আলী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও দামুড়হুদা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবেদুর দৌলা টিটন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রুহুল আমিন বলেন, চুয়াডাঙ্গা জেলায় বছরে চার ফসলের আবাদ হয়। ফলে দামুড়হুদা ও জীবননগর উপজেলার কৃষকদের সারা বছরই সারের প্রয়োজন হয়। দেশের যেসব অঞ্চলে বর্ষাকালে সারের চাহিদা থাকে না, সেসব এলাকার বরাদ্দের সার চুয়াডাঙ্গা জেলায় দেওয়া হলে এ অঞ্চলের কৃষকদের সার সংকট অনেকটাই কমবে। তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থে চুয়াডাঙ্গা-২ আসনের দামুড়হুদা ও জীবননগর উপজেলায় দুটি কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় তিনি এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে জানান, দামুড়হুদার কার্পাসডাঙ্গা মোড় থেকে মুন্সিপুর-কুতুবপুর পর্যন্ত ৯ কিলোমিটার এবং জীবননগর এলাকায় ৮ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ চলছে। স্বাস্থ্যসেবার বিষয়ে তিনি বলেন, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১২০ শয্যার হাসপাতালে উন্নীত করার পাশাপাশি সেখানে ২৪ ঘণ্টা চিকিৎসক ও অস্ত্রোপচারের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে।
আগামী ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের ভোট দিয়ে ন্যায়ভিত্তিক স্থানীয় সরকার প্রতিষ্ঠায় সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, নাটুদহ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক এবং কার্পাসডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল গফুরসহ স্থানীয় নেতাকর্মীরা।
সমীকরণ প্রতিবেদক