শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে চুয়াডাঙ্গায় দিনব্যাপী বিতর্ক কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) ও ডিবেট ক্লাব অব চুয়াডাঙ্গার (ডিসিসি) যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘Ô1st NDF BD × DCC Debate Carnival 2026 ’ অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে কার্নিভালের উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে অতিথিরা শিক্ষার্থীদের যুক্তিবাদী ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সভাপতি লায়ন এম. আলমগীর তাঁর প্রাণবন্ত উপস্থাপনা ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ হুমায়ুন কবীর, সহকারী কমিশনার (ভূমি) আসিফ হায়দার, নাহিদুর রহমান, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাসুদুর রহমান এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমান।
আলোচনা পর্ব শেষে শুরু হয় বিতর্ক ও সাংস্কৃতিক কার্যক্রম। পৃথক কক্ষে বাংলা বারোয়ারি বিতর্ক ও ইংলিশ পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। তবে কার্নিভালের অন্যতম আকর্ষণ ছিল ব্যতিক্রমী আঞ্চলিক বিতর্ক। এতে কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, নোয়াখালী ও চুয়াডাঙ্গার প্রতিনিধিরা নিজ নিজ অঞ্চলের ভাষায় যুক্তিতর্ক উপস্থাপন করেন। চুয়াডাঙ্গার আঞ্চলিক ভাষার প্রতিনিধি হিসেবে অংশ নেন ডিবেট ক্লাব অব চুয়াডাঙ্গার ভাইস প্রেসিডেন্ট তাসলিম আল মাহমুদ।
জুমার নামাজের বিরতির পর আয়োজন করা হয় ‘প্ল্যানচেট’ পর্ব। ভৌতিক আবহে বিদেহী আত্মার সঙ্গে কথোপকথনের আদলে সাজানো এ পরিবেশনা শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে কৌতূহল ও রোমাঞ্চ তৈরি করে। বিকেলে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে কার্নিভালের সমাপ্তি হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাসুদুর রহমান বিপ্লব ও মিজানুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা। আয়োজকদের মতে, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কার্নিভাল শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপন, ভাষাগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি চুয়াডাঙ্গার বিতর্কচর্চায় নতুন মাত্রা যোগ করবে।
নিজস্ব প্রতিবেদক