চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নগরবোয়ালিয়া মাঠপাড়ায় অবৈধভাবে সার মজুদের সন্ধান পেয়েছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত দিনভর অভিযান চালিয়ে হাটবোয়ালিয়া-গাংনী সড়কের হুছাইন স্টোরসহ বিভিন্ন বাড়ি থেকে ১ হাজার ৩৭৭ বস্তা সার উদ্ধার করা হয়েছে। এসময় ৩৭টি গ্যাস সিলিন্ডারও জব্দ করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), থানা পুলিশ ও ভূমি প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে হাটবোয়ালিয়া-গাংনী সড়কে অবস্থিত হুছাইন স্টোরে অভিযান চালানো হয়। এসময় স্টোর থেকে ৯৪৩ বস্তা সার উদ্ধার করা হয়। পরে নগরবোয়ালিয়া এলাকার বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে আরও সার উদ্ধার করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান শেষে মোট ১ হাজার ৩৭৭ বস্তা সার উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা মিজানুর রহমান জানান, সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে হুছাইন স্টোরসহ বিভিন্ন স্থান থেকে সর্বমোট ১ হাজার ৩৭৭ বস্তা সার উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মইদুল ইসলামের গোডাউনসহ এলাকার বিভিন্ন বাড়িতে বিপুল পরিমাণ সার মজুত করে রাখা হয়েছিল। অভিযানে বাড়ির গোয়ালঘর, রান্নাঘর ও বিচালির গাদার মধ্যেও বস্তাভর্তি সার পাওয়া যায়। এমনকি বাড়ির বিভিন্ন গোপন স্থানেও সার লুকিয়ে রাখা হয়েছিল। বাড়ির বিভিন্ন স্থানে এভাবে সার মজুতের সন্ধান পাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, সারের পাশাপাশি অভিযানকালে ৩৭টি গ্যাস সিলিন্ডারও জব্দ করা হয়। এসব গ্যাস সিলিন্ডার জব্দ করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। অভিযানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল ও উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার খাদেমুল বাশার। এছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযানে অংশ নেন।
এদিকে, হুছাইন স্টোরের মালিক পলাতক রয়েছেন বলে জানা গেছে। উদ্ধার হওয়া সার ও গ্যাস সিলিন্ডারের উৎস, কী উদ্দেশ্যে এসব পণ্য বিভিন্ন স্থানে মজুত করা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কৃষকদের জন্য বরাদ্দ করা সার এভাবে বিভিন্ন গোডাউন ও বাড়িতে মজুত রাখার ঘটনায় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, অবৈধভাবে সার মজুতের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে কৃষকদের জন্য বরাদ্দ করা সার প্রকৃত কৃষকদের কাছে যথাযথভাবে পৌঁছানো নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
প্রতিবেদক হাটবোয়ালিয়া