শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ৪২০ বস্তা সার আটকের পর ট্রাক মালিকের চাঞ্চল্যকর তথ্য

নওয়াপাড়া থেকে অবৈধ পথে সার পাচারের অভিযোগ
  • আপলোড তারিখঃ ১৩-১১-২০২৬ ইং
ঝিনাইদহে ৪২০ বস্তা সার আটকের পর ট্রাক মালিকের চাঞ্চল্যকর তথ্য

বৈধ ডিলার ছাড়াই ভুয়া চালান বানিয়ে যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকভর্তি টিএসপি সার পাচারের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। একটি শক্তিশালী অসাধু চক্র বিসিআইসি সার ডিলারদের সঙ্গে যোগসাজস করে সিন্ডিকেটের মাধ্যমে এই সার বৃহত্তর যশোর জেলায় বেশি দামে বিক্রি করছে।


গত মঙ্গলবার রাতে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় অবৈধ রশিদসহ ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই একটি ট্রাক আটকের পর শোভন নামে এক ট্রাক মালিক এই বিস্ফোরক দাবি করেন। সাংবাদিকদের ধারণকৃত ভিডিওতে ট্রাক মালিক শোভন মিয়া স্বীকার করেন, নওয়াপাড়ার ঘাট থেকে বাড়তি দামে অবৈধভাবে সার কিনে ঝিনাইদহ ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় পাচার করা হয়। সুযোগ বুঝে তিনিও সার কিনেছেন।


শোভন জানান, একেক সময় একেক জেলায় টিএসপি সারের চাহিদা বৃদ্ধি হয়, আবার কমে যায়। সেই সুযোগ ধরে বৈধ ডিলার ছাড়াও সাধারণ ব্যবসায়ীরা যশোরের নওয়াপাড়া থেকে চোরাই পথে টিএসপি সার পাচার করে থাকে। তারা ১৩০০ টাকা বস্তা কিনে ১৭০০ টাকায় বিক্রি করেন। পথে আসতে তাদের বিভিন্ন স্থানে টাকা দিতে হয় বলেও শোভন স্বীকার করেন।


এদিকে গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ক্যাডেট কলেজ এলাকা থেকে ‘রাজবাড়ী-ট-১১-০১৪১’ নম্বরের সারবাহী একটি ট্রাক আটক করে জনতা। ট্রাকটির মালিক শৈলকুপার কাতলাগাড়ি এলাকার খুচরা সার ব্যবসায়ী শোভন মিয়া। আটকের সময় তিনি কোনো বৈধ কাগজ দিতে পারেননি। ‘মেসার্স ফারিয়া ট্রান্সপোর্ট এজেন্সি’র দেওয়া একটি চালান (নম্বর ৩১৭৩০) দেখালেও পরীক্ষা করে দেখা যায় সেটি ভুয়া। চালানে থাকা ০১৭৩২-৫৩১২১৫ নম্বর মুঠোফোনে যোগাযোগ করা হলে আবু তৈয়ব নামে এক ব্যক্তি জানান, তিনি দিনাজপুরের বাসিন্দা। সার ব্যবসার সঙ্গে তিনি যুক্ত নন।


অভিযোগ উঠেছে, সার আটকের পর কোনো আইনি ব্যবস্থা না নিয়ে উল্টো ‘বৈধ কাগজপত্র’ জোগাড় করে জমা দিতে ট্রাক মালিককে সাত দিনের সময় দিয়েছেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপা রাণী সরকার। প্রশাসনের এমন রহস্যজনক ভূমিকায় জেলার কৃষক ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।


প্রত্যক্ষদর্শী সাজ্জাদুল হক মিলন জানান, ঘটনার দিন তারা টিএসপি সার আটকের পর প্রশাসনকে খবর দিলেও প্রায় দুই ঘণ্টা পর কৃষি বিভাগের লোকজন ঘটনাস্থলে এসে সারবোঝাই ট্রাকটি নিয়ে যান। এখন তিন দিন পার হলেও মামলা না দিয়ে সার ছেড়ে দেওয়ার পাঁয়তারা চালানো হচ্ছে।


অবৈধ সার নিয়ে ঝিনাইদহ ফোরামের সভাপতি প্রফেসর (অব.) মহব্বত হোসেন টিপু কৃত্রিম সার সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। তিনি বলেন, কৃষক ক্ষতিগ্রস্ত হয় আর সরকার বিব্রত হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে।


এ ব্যাপারে কুষ্টিয়া বাফার গোডাউনের ইনচার্জ গাউস হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কুষ্টিয়া বাফার গোডাউনে কোনো টিএসপি সারের চালান আসার কথা নেই। এখানে কেবলমাত্র ইউরিয়া সার আনা হয়। টিএসপি সারের বাফার হচ্ছে মাগুরা শহরে। ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান বলেন, টিএসপি সার আটকের পর কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। বৈধ কাগজ না পাওয়া গেলে সরকারের হেফাজতে নেওয়া হবে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর ইউএনও দীপা রাণী সরকার বলেন, ‘সারসহ ট্রাকটি থানায় রাখা হয়েছে এবং মালিককে কাগজপত্র দেখাতে সময় দেওয়া হয়েছে। খুলনা বিএডিসি জানিয়েছে, সারটি খুলনা থেকে ফরিদপুরে যাওয়ার কথা ছিল। সেটি ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় কেন যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। নির্ধারিত সময়ে বৈধ কাগজ দেখাতে না পারলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’



কমেন্ট বক্স
notebook

কাজ পেয়ে লাপাত্তা ঠিকাদার