চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা ও ঝিনাইদহ সদর থানার সাবেক বিতর্কিত অফিসার (ওসি) বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশাল নৌ পুলিশে কর্মরত অবস্থায় বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনকে গত মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার রাতে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
মশিয়ার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, ২০১৫ সালের ১৫ই ফেব্রুয়ারি মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সহসভাপতি ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানকে বাড়ি থেকে ধরে নিয়ে তৎকালীন শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ এবং এসআই ইসমাইল হোসেন গুলি করে হত্যা করে। হত্যার পর আবার মশিয়ারের নামেই মামলা করে পুলিশ। সে সময় ওই হত্যাকাণ্ডটি ক্রসফায়ার হিসেবে শালিখা থানায় মামলা রুজু করা হয়।
নিহত বিএনপি নেতা মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম জানান, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি মামলা করতে পারেননি। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর তিনি ২০২৪ সালের পহেলা অক্টোবর ওসি বিপ্লব কুমার নাথ এবং এসআই ইসমাইল হোসেনসহ অনেকের নাম উল্লেখ করে আদালতে হত্যা মামলার রুজু করেন।
মামলার পর আদালত মামলাটি এজাহারভুক্ত করতে শালিখা থানাকে নির্দেশ দেন। বুধবার সন্ধ্যায় আসামিদেরকে মাগুরার শালিখা আমলি আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক বর্ণালী রানী তাদের জামিন না মঞ্জুর করে মাগুরা জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
বহুল আলোচিত ওসি বিপ্লব কুমার নাথ এবং এসআই ইসমাইল হোসেন ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ বিভিন্ন থানায় দায়িত্ব পালনকালে বিএনপি-জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করেন। ঝিনাইদহে থাকাকালে তিনি ক্রসফায়ারের হুমকি দিয়ে বিএনপি-জামায়াত নেতাদের কাছ থেকে শত কোটি টাকা উপার্জন করেন বলে অভিযোগ রয়েছে। ওসি বিপ্লব কুমার নাথ যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের জামাই। যশোর শহরে বেজপাড়া পূজা মন্দিরের দক্ষিণে তার আলিশান বাড়ি রয়েছে।
ঝিনাইদহ অফিস